কাঁচরাপাড়ায় আক্রান্ত বিজেপি কর্মী, বাড়িতে ভাঙচুর তৃণমূলের
কলকাতা, ৬ জানুয়ারি: ফের এক বিজেপি কর্মীকে মারধর ও বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়ায়। পুলিশে অভিযোগ রুজু হলেও কেউ গ্রেফতার হয়নি।
বিজেপি কর্মী শৈলেন্দ্রকুমার সিং সংবাদমাধ্যমকে জানান, তাঁর প্রতিবেশী এক যুবক ফেসবুকে বিজেপির অফিসিয়াল পেজ লাইক করেছে। এ জন্য এলাকার তৃণমূল কর্মীরা এসে ওই যুবককে শাসায়। এর প্রতিবাদে শৈলেন্দ্রবাবু মুখ খোলেন। এর জেরে শাসক দলের রোষ গিয়ে পড়ে তাঁর ওপর।

অভিযোগ, তৃণমূলের একদল লোক এসে প্রথমে শৈলেন্দ্রবাবুকে হুমকি দেয়। কিন্তু তাতে তিনি দমেননি। তখন দল বেঁধে তাঁকে মারধর করা হয়। ঘরে ঢুকে লাথি মেরে ফেলে দেওয়া হয় জিনিসপত্র। ভাঙচুর করা হয়। এই ঘটনার কথা জানিয়ে শৈলেন্দ্রবাবু বীজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিজেপির জেলা সভাপতি অশোক দাস বলেন, "আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করে, মেরেধরে তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে। কিন্তু এভাবে ভারতীয় জনতা পার্টির উত্থানকে রোধ করা যাবে না।"












Click it and Unblock the Notifications