মাও-ঝাও জোট করে মমতার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চলছে, বিজেপিকে তোপ পার্থর
পুরুলিয়ার জঙ্গলমহলে বিজেপি কর্মী দুলাল দাসের আত্মহ্ত্যাকে খুন বলে চালানো হচ্ছে বলে অভিযোগ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
পুরুলিয়ার জঙ্গলমহলে বিজেপি কর্মী দুলাল দাসের আত্মহ্ত্যাকে খুন বলে চালানো হচ্ছে বলে অভিযোগ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি চাইছে রাজ্যের সরকারকে কালিমালিপ্ত করতে, আর তাতে ইন্ধন দিয়ে মিথ্যা প্রচার করছে কোনও কোনও সংবাদমাধ্যম। পার্থ বলেন, মিথ্যা খবর প্রচার করা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। মাও-ঝাও জোট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে বিজেপি।

রবিবার সাংবাদিক বৈঠক করে বিজেপি ও কুৎসা প্রচারকদের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারিও দিন তিনি। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, দল যেমন মানহানির মামলা করবে, সরকারের পক্ষ থেকে প্রশাসনকে নির্দেশ দিক আইনানুগভাবে প্রশাসনকে ব্যবস্থা নিতে।
পার্থর কথায়, বিজেপির আসমুদ্র হিমাচলের নেতারা কুৎসা করতে আসছেন। এবার চাঁদ থেকেও লোক নিয়ে আসতে পারে ওরা। কারণ কোনওভাবেই কুৎসা করেও জমানো যাচ্ছে না আসর। এখন মাও-ঝাও জোট করে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি কলুষিত করার চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, পুরুলিয়া তিনদিনের ভিতরে দুজন বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘটে। প্রথমে সুপুরডি গ্রামের ত্রিলোচন মাহাতো ও পরে দাভাগ্রামের দুলাল কুমার নামে দুই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, তাদের মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিজেপির অভিযোগের কোনও সারবত্তা নেই। তৃণমূল কখনও হিংসার রাজনীতিকে প্রশ্রয় দেয় না।
তিনি আরও বলেন, আমরা এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছি। বিজেপি পরোক্ষে সিবিআই তদন্ত চাইছে। প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থও হতে পারে। এদিন বিজেপি ১২ ঘণ্টার বনধ ডাকে। সেই বনধে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় এদিন। বিজেপি নেতৃত্বের পক্ষে লকেট চট্টোপাধ্যায় মৃত বিজেপিকর্মী দুলাল কুমারের বাড়িতে যান। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। তোপ দাগেন তৃণমূলের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications