মমতাকে ‘দেশের নেত্রী’ হিসেবে তুলে ধরাই লক্ষ্য, একুশে জুলাই থেকে মিশন ২০২৪ তৃণমূলের
মমতাকে ‘দেশের নেত্রী’ হিসেবে তুলে ধরাই লক্ষ্য, একুশে জুলাই থেকে মিশন ২০২৪ তৃণমূলের
একুশের পর তৃণমূলের টার্গেট চব্বিশ। একুশের ২১ জুলাই থেকে ২০২৪-এর লোকসভা নির্বাচনের লক্ষ্যে এগনো শুরু করছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের নেত্রী করে তুলতে। সেই লক্ষ্য নিয়েই পথ চলা শুরু হবে ২১ জুলাই বুধবার শহিদ দিবসের মঞ্চ থেকে।

বিজেপি বিরোধিতায় দেশে সুর বেঁধে দেবেন মমতা
টানা তৃতীয়বার নবান্নের কুর্সিতে বসার পর একুশে জুলাই থেকে ২০২৪-এর সুর বেঁধে দিতে চলছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধিতায় দেশে সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির তখত থেকে মোদীকে হটানোর ডাক দেবেন তিনি। বার্তা দেবেন বিরোধী ঐক্য গড়ে তোলার।

একুশে বিজেপিকে পর্যুদস্ত করার পর তৃণমূলের টার্গেট
২০১৯ লোকসভা ভোটের আগে ২০১৮ সালের একুশে জুলাইও একইভাবে মোদী হটানোর ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪২-এ ৪২ করার ডাক দিয়ে যাত্রা শুরু করছিলেন। ৪২-এ ৪২ হয়নি। তৃণমূলকে থমকে যেতে হয়েছিল ২২-এ। এবার ২০২১-এ বিজেপিকে পর্যুদস্ত করার পর কিন্তু একেবারেই বদলে গিয়েছে চিত্র।

মমতার ভার্চুয়াল ভাষণ দেশের কোণায় কোণায়
বর্তমানে তৃণমূলের পালে হাওয়া বইছে। ফলে একুশের যুদ্ধ জয়ের আবহেই ২০২৪-এর রূপরেখা তৈরি করে ফেলার উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার করোনার আবহে ভার্চুয়াল ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভার্চুয়াল ভাষণকে তৃণমূল কংগ্রেস পৌঁছে দিতে চাইছে দেশের কোণায় কোণায়।

অভিষেক অভিযান শুরু করবেন সাম্রাজ্য বিস্তারের
২০২৪-এর লক্ষ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছে তৃণমূল। তিনি ভিনরাজ্যে সাম্রাজ্য বিস্তারে নেমে পড়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক হয়েই। ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পর অভিষেক অভিযান শুরু করবেন সাম্রাজ্য বিস্তারের।

২০২৪-এর লড়াইয়ে তাল ঠুকছেন অভিষেক
অভিষেকের লক্ষ্য তৃণমূল সুপ্রিমো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের নেত্রী হিসেবে তুলে ধরা। সেই লক্ষ্য নিয়েই সাম্রাজ্যবিস্তারে নামবেন তিনি। এরই মধ্যে তিনি ত্রিপুরা ও দিল্লি যাচ্ছেন। সেখানে বিরোধী ঐক্যকে জোরদার করতে বৈঠক করবেন অভিষেক। একুশের নির্বাচনে মোদী-শাহ জুটিকে হারানোর পর এবার ২০২৪-এর লড়াইয়ে তিনি তাল ঠুকছেন। এবার তা শুরু হবে একুশের ২১ জুলাই থেকে।












Click it and Unblock the Notifications