নন্দীগ্রামের পর আরও চার কেন্দ্রে নির্বাচনী ফলাফল পুনর্বিবেচনার দাবিতে মামলা তৃণমূলের
নন্দীগ্রামের নির্বাচনী ফলাফলের পুনর্বিবেচনার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আর চার বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে দায়ের হল মামলা।
নন্দীগ্রামের নির্বাচনী ফলাফলের পুনর্বিবেচনার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আর চার বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে দায়ের হল মামলা। নন্দীগ্রাম ছাড়াও বলরামপুর, গোঘাট, ময়না ও বনগাঁ দক্ষিণের প্রার্থীরা নির্বাচনী ফলাফল পুনর্বিবেচনার দাবিতে আবেদন করেছেন আদালতে।

ভোটপ্রক্রিয়ার যাবতীয় নথি সংরক্ষণের নির্দেশ
বলরামপুর কেন্দ্রের তৃণমূলের পরাজিত প্রার্থী শান্তিরাম মাহাতোর আবেদনের ভিত্তিতে ভোটপ্রক্রিয়ার যাবতীয় নথিপত্র ভালোভাবে সংরক্ষণ করে রাখতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। বাকি তিন আসনের মামলা নিয়ে এখনও কোনও নির্দেশিকা আসেনি বিচারপতির তরফে। ভোট গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে প্রতিটি ক্ষেত্রেই। এবার বিচারপতির নির্দেশিকার জন্য অপেক্ষা।

যে চার কেন্দ্রের প্রার্থীরা পুনর্বিবেচনার আবেদন জানালেন
বলরামপুরের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বিজেপির প্রার্থী বাণেশ্বর মাহাতোর কাছে পরাজিত হয়েছিলেন। বনগাঁ দক্ষিণ থেকে আলোরানি সরকার, গোঘাট থেকে মানস মজুমদার, ময়না থেকে সংগ্রাম কুমার দোলুই সকলেই বিজেপি প্রার্থীর কাছে ভোটে হারেন স্বল্প ব্যাবধানে। কোনও কোনও ক্ষেত্রে তৃণমূল প্রার্থী বিজয়ী ঘোষণা পরও বদলে যায় ফলাফল।

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তৃণমূলের আবেদন
সকলেই হাইকোর্টের দ্বারস্থ হয়ে আবেদন করেছে, পুনর্গণনা করা হোক তাঁদের কেন্দ্রে। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভাশিস দাশগুপ্তের সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের হয়। চার কেন্দ্রের মধ্যে একমাত্র বলরামপুরের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর আবেদন শোনেন। তারপর ভোটপ্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি নথি সংরক্ষণ করার নির্দেশ দেন তিনি।

বাকি তিন কেন্দ্রের শুনানির অপেক্ষায় প্রার্থীরা
নিয়ম অনুযায়ী ভোটের ফলপ্রকাশের ৪৫ দিন পর্যন্ত নথি থাকে জেলার নির্বাচনী আধিকারিক বা জেলাশাসকের কাছে। একুশের ভোটের ফল বেরিয়েছে ২ মে। আর এই মামলার শুনানি হবে ১৫ জুলাই। ফলে ভোটের নথি এই দীর্ঘ সময়ে যাতে নষ্ট না হয়, তা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। বাকি তিন কেন্দ্রের শুনানিতে কী হয়, সেদিকে তাকিয়ে পরাজিত প্রার্থীরা।












Click it and Unblock the Notifications