একুশের আগে নেতাদের মানভঞ্জনেই সময় চলে যাচ্ছে, তৃণমূলের ভোট-কৌশল শিকেয়
একুশের আগে নেতাদের মানভঞ্জনেই সময় চলে যাচ্ছে, ভোট-কৌশল উঠেছে শিকেয়
২০২১-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে. ততই নেতাদের মধ্যে বিদ্রোহ বাড়ছে। বিদ্রোহী নেতাদের মানভঞ্জনেই সময় চলে যাচ্ছে রাজ্যের শাসক দলের। ২০১৯-এ বিজেপির কাছে ধাক্কা খেয়ে তৃণমূলের এক হয়ে লড়াইয়ের দরকার ছিল ২০২১-এর নির্বাচনে। কিন্তু তৃণমূল কংগ্রেসে ক্রমেই বিদ্রোহের সুর বাড়ছে। ফলে মানভঞ্জন করতেই সময় অতিবাহিত হয়ে যাচ্ছে তৃণমূলের।

অনেক নেতা মুখ ফিরিয়ে নিচ্ছেন তৃণমূল থেকে!
প্রশান্ত কিশোর তৃণমূলের ভোট কৌশলী হয়ে আসার পর তৃণমূল আরও ক্ষুরধার হবে, এমনটাই মনে করা গিয়েছিল। কিন্তু আদতে দেখা যাচ্ছে প্রশান্ত কিশোর আসার পর তৃণমূলে আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছে। প্রশান্ত কিশোরকে সংগঠনের কাজে ব্যবহার করা নিয়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেক নেতা মুখ ফিরিয়ে নিচ্ছেন তৃণমূল থেকে।

শুভেন্দুর মানভঞ্জনের অনেক চেষ্টা করেও ব্যর্থ
প্রশান্ত কিশোরকে ঢাল করে ইতিমধ্যে তৃণমূল থেকে সরে গিয়েছেন বিধায়ক মিহির গোস্বামী। তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছেন। এখন শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা চলছে। তাঁর মানভঞ্জন করার অনেক চেষ্টা করেও তাঁকে ফেরাতে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এখনও শুভেন্দুর যাত্রাপথ স্পষ্ট না হলেও তিনি যে তৃণমূল ছাড়ছেন, তা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে।

রাজীবের মানভঞ্জনে বৈঠক পার্থর বাড়িতে
শুভেন্দুর পথ ধরে তৃণমূলের আর একর মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরো বাজতে শুরু করেছেন। তবে রাজীবকে নিয়ে কালবিলম্ব না করে আগে থেকেই ব্যবস্থা নিয়েছে তৃণমূল। রবিবার তাঁর মানভঞ্জনে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক হয়েছে। সেই বৈঠক কতটা ফলপ্রসূ তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও।

জিতেন্দ্র তিওয়ারি ক্ষোভ উগরে দেওয়ার পর
এরপর আসানসোলের হেভিওয়েট নেতা বিধায়ক-মেয়র জিতেন্দ্র তিওয়ারি ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের বিরুদ্ধে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে নিশানা করলেন তিনি। এরপর অবশ্য তড়িঘড়ি ক্রাইসিস ম্যানেজমেন্টে নামল তৃণমূল। এবার জিতেন্দ্র তিওয়ারির মানভঞ্জন করতে হবে। ফিরহাদ হাকিমের উপরই দায়িত্ব বর্তাল। সঙ্গে থাকতে পারেন পিকে।












Click it and Unblock the Notifications