রাহুল গান্ধীর সমাবেশের অনুমতি দিল না 'তৃণমূল' সরকার : অধীর চৌধুরি

এদিন অধীর চৌধুরি বলেন, আমরা চেয়েছিলাম ২৫ মার্চ কলকাতায় জনসভা করুন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। এবিষয়ে রাহুল গান্ধীর সঙ্গেও কথা হয়েছে। তিনিও রাজি আছেন বাংলায় সমাবেশ করার জন্য। সেই কারণেই সভা করার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটি চাওয়া হয়েছিল সরকারের কাছে।। কিন্তু ওই দিন অন্য অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই স্টেডিয়াম ভাড়া নেওয়া হয়েছে। এই অজুহাত দেখিয়ে স্টেডিয়াম কংগ্রেসকে দেওয়া যাবে না বলে জানানো হয়েছে সরকারের তরফে।
অধীর বাবুর অভিযোগ,ইন্ডোর স্টেডিয়াম না হওয়ায় আমরা পার্ক সার্কাস ময়দানের জন্য অনুমতি চাই। কিন্তু আমাদের বলা হয়, সরকারি জায়গা এধরণের অনুষ্ঠানের জন্য দেওয়া যায় না। ক্ষুব্ধ অধীর চৌধুরির দাবি,যদিও সরকার পক্ষ একের পর এক রাজনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সরকারি জায়গায়, তাতে কোনও আপত্তি উঠছে না। কংগ্রেস সমাবেশ করতে গেলেই যত আপত্তি।
তৃণমূল কংগ্রেস চায় না রাহুল গান্ধী কলকাতায় এসে কর্মীসভা বা কোনও ধরণের জনসমাবেশ করুক। তাই ক্ষমতার অপব্যবহার করে তৃণমূল কংগ্রেস সহ-সভাপতির সমাবেশ আটকাতে চাইছেন কলকাতায়। ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয় বলেও মন্তব্য করেন অধীরবাবু।
যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী অধীর চৌধুরির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভাসূত্রের খবর,নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কোনও রাজনৈতিক মিটিংয়ের জন্য কোনও পার্ক ব্যবহার করা যাবে না। সেই কারণে পার্ক সার্কাসের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই দিনে অন্য একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অন্য কারও অনুষ্ঠান বাতিল করে রাহুল গান্ধীর সমাবেশের জন্য ওই ইন্ডোর স্টেডিয়াম দেওয়া সম্ভব নয় কোনও মতেই। এতে ইচ্ছাকৃত কোনও কিছুর প্রশ্নই ওঠে না। প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ অমূলক ও ভিত্তিহীন বলেও তৃণমূল সূত্রে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications