সামনেই পুরসভার ভোট, বাসিন্দাদের পাশে পেতে নানা সিদ্ধান্ত তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভার
পুরসভা নির্বাচনের আগেই বোর্ড মিটিংয়ে এক গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত বাঁকুড়া পুরসভা । যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে তার মধ্যে যেমন আছে ডেভলপমেন্ট ফি ছাড়, শববাহী গাড়ির ভাড়া কমানো
পুরসভা নির্বাচনের আগেই বোর্ড মিটিংয়ে এক গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত বাঁকুড়া পুরসভা । যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে তার মধ্যে যেমন আছে ডেভলপমেন্ট ফি ছাড়, শববাহী গাড়ির ভাড়া কমানো, তেমনই আছে পুরসভার চুক্তিভিত্তিক কর্মীদের দৈনিক ভাতা বৃদ্ধি । এই সব ছাড়াও বাঁকুড়া শহরের রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরদের নির্বীজকরণ করার জন্য প্রতি মাসে এক লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে । এছাড়া বাঁকুড়া পুরসভা এলাকার সাফাই ও নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাতে সাড়ে দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।

বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত জানিয়েছেন পুরসভার বোর্ড মিটিংয়ে নেওয়া এই সব সিদ্ধান্ত 1 এপ্রিল থেকে কার্যকর হবে ।
যদিও পুরসভা নির্বাচনের আগে বাঁকুড়া পুরসভার নেওয়া এই সব সিদ্ধান্তকে ভোটের চমক বলে দাবি করেছেন বিরোধী দলের নেতারা ।
জেলার সিপিএম নেতা অজিত পতি, বিজেপি নেতা বিবেকানন্দ পাত্র, কংগ্রেসের নেতা অরূপ মুখোপাধ্যায় সকলের দাবি, এটা ভোট বৈতরণী পার হওয়ার কৌশল । তারা বলেছেন যে, গত পাঁচ বছরে কোনও উল্লেখযোগ্য কাজ করতে পারেনি তৃণমূল কংগ্রেসের পরিচালিত বাঁকুড়া পুরসভা । এখন নির্বাচনের মুখে এই সব চমক দেখিয়ে, ভাঁওতাবাজি করে মানুষের নজর ঘুরিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। যদি ঠিক মত ভোট নেওয়া হয় তাহলে তৃণমূল কংগ্রেসের আর জেতার কোন সম্ভাবনা নেই ।
যদিও পুরসভার চেয়ারম্যান দাবি করেছেন যে বিরোধীরা সব কিছুর মধ্যেই রাজনীতি খুঁজে পান । তারা কোনও উন্নয়নের কাজ দেখতে পান না আর উন্নয়নের কাজে র জন্য এগিয়েও আসেন না ।
পুরসভা নির্বাচনের দিন ঘোষণা করা না হলেও আগামী মাসের শেষ দিকে এই ভোট নেওয়ার সম্ভাবনা আছে । ভোট গ্রহণ করার দিন ঘোষণার আগেই বাঁকুড়া পুরসভা, তাদের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে, নতুন ঘরবাড়ি তৈরির ক্ষেত্রে পুরসভাকে যে ডেভলপমেন্ট ফি দিতে হয় তার পরিমাণ তিন শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করা হয়েছে । উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মালিকানার মিউটেশন ফি সম্পূর্ণ ভাবে তুলে দেওয়া হয়েছে । শীততাপ নিয়ন্ত্রিত শববাহী গাড়ির ন্যূনতম ভাড়া 800 টাকা থেকে কমিয়ে 600 টাকা করা হয়েছে ।
বাঁকুড়া পুরসভার দাবি এর ফলে কয়েক হাজার মানুষ উপকৃত হবেন ।












Click it and Unblock the Notifications