তৃণমূলের সবুজ ঝড়ে ফিকে গেরুয়া, চার পুরনিগমের ভোটে কে কত আসন পেল, একনজরে
তৃণমূলের সবুজ ঝড়ে ফিকে গেরুয়া, চার পুরনিগমের ভোটে কে কত আসন পেল, একনজরে
একুশের নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করার পর আরও জোরে ছুটছে তৃণমূলের বিজয়রথ। কলকাতা পুরনিগমের পর বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি পুরসভাকেই ক্লিন সুইপ হল তৃণমূলের পক্ষে। সবুজ ঝড়ে স্রেফ উড়ে গেল বিজেপি ও অন্যান্য বিরোধীরা। তৃণমূল আরও শক্তিশালী হল বাংলায়। শিলিগুড়ি পুরসভায় প্রথম জয়ী হল তৃণমূল।

তৃণমূলের ক্লিনসুইপ চার পুরসভায়
২০১৯-এর লোকসভা নির্বাচন ও ২০২১-এর বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি ও আসানসোলে বিজেপি নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে এগিয়েছিল। বিধাননগর ও চন্দননগরেও তৃণমূলকে চ্যালেঞ্জ দেওয়ার মতো জায়গায় ছিল তারা। কিন্তু ২০২২-এর পুরভোটে সব জারিজুরি শেষ। তার পুরসভাতেই বিজেপিকে দূরবীণ দেখতে হবে। বরং অপেক্ষাকৃত উজ্জ্বল বামেরা। একুশের নির্বাচনের পর থেকেই যাবতীয় নির্বাচনে দেখা যাচ্ছে বিজেপির জায়গা নিচ্ছে বামেরা। কলকাতা পুরনিগম থেকে শুরু করে এই চার পুরনিগমেও বামেরা এককভাবে লড়ে ভোট শতাংশে এবং দ্বিতীয় হওয়ার নিরিখে এগিয়ে রয়েছে।

বিজেপির টেক্কা দিয়েছে বামেরা
সোমবার চার পুরনিগম- বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ির ভোটের গণনায় ইভিএম খুলতেই তৃণমূলের জয়-জয়কার শুরু হয়েছে। উত্তরোত্তর বেড়েছে জয়ের ব্যাবধান। সিংহভাগ আসনেই তৃণমূল এগিয়ে থেকেছে। ভোট প্রাপ্তিতেও তারা ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। তবে বিজেপিকে ছাপিয়ে বামেরা উঠে এসেছে বিরোধী হিসেবে। সার্বিক হিসেবে বিজেপির টেক্কা দিয়েছে বামেরা।

বিধাননগর পুরসভায় কার কত আসন
বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৯টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ও নির্দল প্রার্থী একটি করে আসনে জয়ী হয়েছে। এখানে কোনও খাতা খুলতে পারেনি বিজেপি। সিপিএম তথা বামেরাও কোনও আসন পায়নি। এই পুরসভায় ভোট শতাংশের বিচারে বিজেপিকে টপকে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তৃণমূল পেয়েছে এখন পর্যন্ত ৭৪ শতাংশ ভোট, বামেরা পেয়েছে ১১ শতাংশ ভোট, বিজেপি পেয়েছে ৮ শতাংশ ভোট এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট সাড়ে ৩ শতাংশ।

চন্দননগর পুরসভায় কার কত আসন
চন্দননগরে মোট ৩২টি ওয়ার্ড। তার মধ্যে ৩১টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। একটি আসনে জয়ী বামফ্রন্ট। এখানেও খাতা খুলতে পারেনি বিজেপি। বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে আসন ও ভোটচ প্রপ্তির নিরিখে। তৃণমূল পেয়েছে এখন পর্যন্ত ৫৯ শতাংশ ভোট, বামেরা পেয়েছে ২৭ শতাংশ ভোট, বিজেপি পেয়েছে ১০ শতাংশ ভোট এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ২ শতাংশ এবং অন্যান্যরা পেয়েছে ২ শতাংস।

আসানসোল পুরসভায় কার কত আসন
আসানসোলে ২০২২-এর পুরভোটের ফলাফলে দেখা গিয়েছে বিজেপি এখানে পিছিয়ে পড়েছে। ১০৬টি ওয়ার্ডের মধ্যে ৭৩টি ওয়ার্ডের ফলাফল প্রবণতা সামনে এসেছে। সেই ৭৩টি ওয়ার্ডের মধ্যে ৯১টিতেই এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা। আর বিজেপি জয়ী হয়েছে সাতটি আসনে। সিপিএম দুটি আসনে এবং কংগ্রেস তিনটি আসনে জয়ী হয়েছে। অন্যান্যরা পেয়েছে তিনটি ওয়ার্ড। ভোটপ্রাপ্তির নিরিখেও বিজেপি রয়েছে দ্বিতীয় স্থানে। তৃণমূল পেয়েছে এখন পর্যন্ত ৬৪ শতাংশ ভোট, বামেরা পেয়েছে ১১ শতাংশ ভোট, বিজেপি পেয়েছে ১৭ শতাংশ ভোট এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ৪ শতাংশ।

শিলিগুড়ি পুরসভায় কার কত আসন
তৃণমূল শিলিগুড়ি পুরসভা প্রথমবার দখল করেছে এবার। ৪৭টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩৭টি ওয়ার্ডে এগিয়ে। বিজেপি পাঁচটি আসনে জয়ী হয়েছে। বামেরা জিতেছে চারটি আসনে এবং কংগ্রেস একটি আসনে। এখানেও বিজেপি দ্বিতীয় স্থানে। তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বামেরা। তৃণমূল পেয়েছে এখন পর্যন্ত ৪৭ শতাংশ ভোট, বামেরা পেয়েছে ১৮ শতাংশ ভোট, বিজেপি পেয়েছে ২৩ শতাংশ ভোট এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট সাড়ে ৪ শতাংশ।












Click it and Unblock the Notifications