বিহারের ফলের প্রভাব বাংলায় পড়বে না বলে আত্মবিশ্বাসী তৃণমূল, কুণাল 'স্ট্রাইক রেটে' রহস্যও দেখছেন
বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএর বিপুল জয়ে উজ্জীবিত পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। বিজেপি নেতৃত্বের আশা, এবার পরিবর্তন হবে বাংলায়। যদিও তেমন ভাবনাকে গুরুত্ব দিচ্ছে না শাসক দল তৃণমূল কংগ্রেস।
আজ তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে, প্রতিবেশী বিহারে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ বিরাট জয় পেয়ে ক্ষমতা ধরে রাখলেও এই ফলাফল পশ্চিমবঙ্গের আগামী বছরের বিধানসভা নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ 'এক্স'-এ এক পোস্টে লেখেন, বিহারের সমীকরণের সঙ্গে বাংলার সম্পর্ক নেই। বাংলায় প্রভাব পড়বে না, এখানে আলাদা মাটি। বাংলায় উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি, অধিকার, আত্মসম্মান ফ্যাক্টর। আড়াইশোর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন।
কুণাল আরও লেখেন, কংগ্রেস যে বিজেপি-বিরোধিতায় ব্যর্থ, সেটা আবার প্রমাণিত এবং বারবার প্রকট। বিহারে বিজেপি-নীতীশ সম্পর্ক কোন দিকে যায়, কৌতূহল থাকবে। বাংলায় SIR ও আনুষঙ্গিক বিষয়ে বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনের চক্রান্ত থাকবে। এজেন্সি ও কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহার হবে। এর বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন চলবে। মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগে বিজেপির সব চক্রান্ত ব্যর্থ করবে তৃণমূল।
কুণালের কথায়, বিহার দেখিয়ে বাংলাকে হুমকি দিয়ে বিজেপির যে নেতারা বিবৃতি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, তাঁরা অকারণ সময় নষ্ট করছেন। বাংলার মানুষের অধিকার, আত্মসম্মানকে আঘাত করে, শুধু অন্য রাজ্য দেখিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এখানে শীত গ্রীষ্ম বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। বিহার-সহ বহু রাজ্য তাঁর উন্নয়নের মডেল ফলোও করছেন। বাংলার মানুষ সার্বিক স্বার্থেই তৃণমূলকে সমর্থন করেন এবং করবেন।
বিহারে NDA যতটা এগিয়েছে, বাংলায় তার থেকে বেশি পিছিয়ে যাবে। ওরা মনে রাখুক, বেল পাকলে কাকের কী?
কুণাল আরেকটি পোস্টে লেখেন, বিহার। স্ট্রাইক রেট। স্বাভাবিক?
বিহারের নির্বাচনে বিজেপি লড়াই করেছিল ১০১টা আসনে। জিতেছে ৯৫ টা। তার মানে জয়ের হার প্রায় ৯৪.৫৯ শতাংশ।
নীতীশ কুমারের দল লড়াই করেছিল ১০১টা আসনে। এখনও পর্যন্ত জিতেছে ৮৫টা। তার মানে জয়ের হার প্রায় ৮৪ শতাংশ।
ভারতবর্ষের ইতিহাসের ১৯৮৪ রাজীব গান্ধীর সময়ে কংগ্রেস ৫১৪ টার মধ্যে ৪০৪ আসন জিতেছিল। জয় শতাংশ ৭৮.৬ শতাংশ।
বিজেপি সর্বোচ্চ জয় ছিল ২০১৯ সালে। ৫৪২ টায় লড়াই করে বিজেপি জিতেছিল ৩০৩ আসন। ৫৫.৯ শতাংশ। প্রশ্ন যদি ১০১টায় লড়াই করে ৯৫টা আসন জেতার মতো জায়গায় বিজেপি থাকতো তাহলে নীতীশের সঙ্গে জোট করতে গেল কেন? তাহলে তো বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হতে পারতো। রহস্য।












Click it and Unblock the Notifications