করোনা কাড়ল তৃণমূল প্রার্থীর প্রাণ, চারদিনের লড়াই শেষ কাজল সিনহার
করোনা কাড়ল তৃণমূল প্রার্থীর প্রাণ, চারদিনের লড়াই শেষ কাজল সিনহার
করোনা কাড়ল আরও এক প্রার্থীর প্রাণ। এবার তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্যু হল করোনায়। রবিবার সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। খড়দহের তৃণমূল প্রার্থী ষষ্ঠ দফা ভোটের আগের দিন সকালে করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপর তাঁকে ভর্তি করা হয়েছিল বেলেঘাটা আইডিতে। চারদিনের লড়াই শেষে হার মানলেন তৃণমূলের কাজল।

বেলেঘাটা আইডিতে তিনদিন ভেন্টিলেশনে ছিলেন তিনি। চিকিৎসকরা সব রকম চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁর কেন্দ্রে ভোট হয়ে গেলেও ফলাফল জেনে যাওয়া হল না। চিকিৎসকরা জানিয়েছেন, ভর্তি হওয়ার সময় থেকেই অবস্থা খারাপ ছিল কাজল সিনহার। তাঁর ফুসফুসের সংক্রমণ ছড়িয়ে পড়েছিল।
খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী। তিনি শোক প্রকাশ করে জানিয়েছেন, আমরা মর্মাহত। আমরা তাঁর অভাব বোধ করব। কাজলের আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি এবং আমার দল তৃণমূল কংগ্রেস সর্বদা কাজল সিনহার পরিবারের পাশে থাকবে।
একই দিন থেকে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রও করোনা আক্রান্ত হয়ে এসএসকেএমে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি সংকটমুক্ত না হলেও এখন অবস্থা স্থিতিশীল। সম্প্রতি তিনি অনুগামীদের উদ্দেশে বার্তাও দিয়েছেন।
এর আগে করোনা কেড়েছে দুই প্রার্থীর প্রাণ। এক কংগ্রেস প্রার্থী ও এক আরএসপি প্রার্থীর মৃত্যুতে দুই কেন্দ্রে ভোট স্থগিত হয়ে যায়। সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের মৃত্যু হয়। মৃত্যু হয় জঙ্গিপুর কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর।












Click it and Unblock the Notifications