এবার লক্ষ্য সাড়ে তিন লাখের ব্যবধান! 'ডাক্তারবাবু'কে নিয়ে ঘাটালে প্রচারে তৃণমূল প্রার্থী দেব
গত লোকসভা নির্বাচনে ঘাটাল আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে আড়াই লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন দীপক অধিকারী তথা চিত্র তারকা দেব। দল চাইছে এবার জয়ের ব্যবধান হোক অন্তত সাড়ে তিন লক্ষ।
গত লোকসভা নির্বাচনে ঘাটাল আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে আড়াই লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন দীপক অধিকারী তথা চিত্র তারকা দেব। দল চাইছে এবার জয়ের ব্যবধান হোক অন্তত সাড়ে তিন লক্ষ। চাহিদা পূরণ হবে বলেই মনে করছেন প্রার্থী। কারণ তাঁর সঙ্গে এইবার রয়েছেন গতবার তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকা 'ডাক্তারবাবু' মানস ভূইঞা।

বুধবারই প্রথম ভোট প্রচারে ঘাটালে এসেছিলেন দেব। জানালেন, মানুষ যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে। তবে তিনি ফের জিতলে এলাকা ও বাঙলার উন্নয়ন চেয়ে নিজের মাতৃভাষাতেই সরব হবেন বলে ঘাটালের দলীয় কর্মী সভায় এসে বলেন এই ফিল্মি তারকা। তিনি আরো জানান, অন্য দল কারা কী ভাবল, কী বলল, সেসবে কান না দিয়ে ভোট শান্তিপূর্ণভাবে করাতে হবে।
গত নির্বাচনে ঘাটাল আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে লড়াই করে মানস ভূইঞা পেয়েছিলেন ১২২৯২৮ ভোট। আর দেব পেয়েছিলেন ৬৮৫৬৯৬ ভোট। জয়ের ব্যবধান ছিল ২৬০৬৯৬। এবার দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছেন ভোট-বৈতরণীতে। কাজেই গত বারের ভোট প্রসঙ্গে আসবেই।

মানসের মনে অবশ্য গতবারের পরাজয় নিয়ে কোনও আক্ষেপ নেই। এদিন তিনি দাবি করেন, তাঁকে যখন এখানে লড়তে বলা হয়েছিল, তখনই তিনি জানতেন পরিণতি কী হতে চলেছে। এবারও দেবের জয় নিয়ে নিঃসন্দেহ তিনি। তবে তাই বলে তৃঁণমূল কর্মীরা প্রচার করবেন না তা নয়।
অপর দিকে দেব বলেন, 'গতবার রাজনীতি নিয়ে তাঁর কোনও ধারনা ছিল না। সেই বার ছিল তাঁর রাজনীতির হাতেখড়ি। গতবার 'ডাক্তারবাবু'র সঙ্গে লড়াই করে জিতে প্রথম তাঁরই আশীর্বাদ নিয়েছিলেন। তারপর থেকে রাজনীতির অনেক কিছু শিখেছেন।

দেব দাবি করেছেন, তাঁর মনে হারাজেতা নিয়ে কোন ভয় নেই। জিতলে মানুষের জন্যই কাজ করবেন। যে স্বপ্ন তাঁদের দেখাচ্ছেন তা পূরণ করার আশা করেছেন তিনি।
একই সঙ্গে আরও একবার মমতা বন্দ্যোপাদ্যায়ের প্রতি শ্রদ্ধা ঝড়ে পড়ে তাঁর কথায়। তিনি বলেন, মমতা যে ভাবে পশ্চিমবঙ্গে কাজ করে চলেছেন, তা অন্য কেউ করে পারেনি। তাই এমন ব্যক্তির হাতেই দেশ চালানোর দায়িত্ব থাকা উচিত।












Click it and Unblock the Notifications