West Bengal Panchayat Election 2023: শাঁখ বাজিয়ে 'শুভ' দেওয়ালে লিখন শুরু তৃণমূলের! ময়দানে বিজেপিও
West Bengal Panchayat Election 2023 Date: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই জেলায় জেলায় পথে নেমে পড়ল তৃণমূল! শুরু হয়ে গেল দেওয়াল লিখন। যদিও এখনও তৃণমূলের তরফে কোনও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তাতে কি!
ময়দানে নেমে পড়লেন নেতা-কর্মীরা। আর সেই ছবি ধরা পড়ল ওয়ান ইন্ডিয়া বাংলার ক্যামেরায়। সন্ধ্যায় পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় দেওয়াল লিখন লিখতে দেখা গেল। ভোটের নিঘন্ট ঘোষণা হতেই রং তুলি হাতে সবার আগে দেওয়াল লিখন শুরু করে দিল শাসক দল তৃণমূল কংগ্রেস ।

এদিন সন্ধ্যে বেলায় পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা-তে দলের পক্ষে দেওয়াল লেখনের সূচনা করলেন এলাকার তৃণমূল বিধায়ক তথা শাসকদলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ।
এলাকার মাধাইপুর কোলিয়ারিতে রং তুলি হাতে দলের সমর্থনে দেওয়াল দেওয়ালে লিখতে দেখা গেল নরেন্দ্রনাথবাবুকে। জেলা সভাপতির সঙ্গেই উপস্থিত ছিলেন অন্যান্য নেতাকর্মীরা। নরেন্দ্রনাথবাবু জানান গত বিধানসভা ভোটে নিজে প্রার্থী হয়ে মাধাইপুর কোলিয়ারী এলাকাতে প্রথম দেওয়াল লিখন শুরু করেছিলাম।
আসানসোল লোকসভা উপনির্বাচনেও এখানেই প্রথম দেওয়াল লিখন করা হয়েছিল, দু'টি নির্বাচনেই আমরা জয়লাভ করেছি। আমাদের কাছে এই দেওয়াল শুভ। সেই কথা মাথায় রেখেই পঞ্চায়েত ভোটের জন্য আমরা এখান থেকেই প্রথম দেওয়াল লিখন শুরু করলাম।

অন্যদিকে ময়দানে জায়গা ছাড়তে নারাজ বিজেপিও। ভোট ঘোষণার পরেই আসরে নেমে পড়ল বিজেপিও। লড়াইয়ের ময়দানে কেউ কাওকেই এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে নারাজ। আর তাই প্রার্থীর নাম ছাড়াই দলীয় প্রতীক এঁকেই দেওয়াল ভরাতে শুরু করেছেন শাসক-বিরোধী যুযুধান দুই পক্ষই।
এদিন সন্ধ্যায় বাঁকুড়া-২ ব্লক তৃণমূল সভাপতি বিধান সিংহের নেতৃত্বে দেওয়াল লিখনের কাজ শুরু করলেন দলের কর্মীরা। আর এই কাজে শাঁখ ফুঁকে উৎসাহ দিলেন মহিলা কর্মীরা। অন্যদিকে আসরে নেমে পড়েছে বিজেপিও। দলের বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাঁকুড়া-১ ব্লকের পুয়াবাগান এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু করলেন।

অন্যদিকে সোশ্যাল মিডিয়ার 'দেওয়ালে' প্রচারে নেমে পড়েছে বামেরাও। যদিও মনোনয়ন জমা দেওয়ার সময় নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন। কীভাবে মাত্র কয়েকদিনে এত মনোনয়ন জমা দেওয়া সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছে বামেরা।
বলে রাখা প্রয়োজন, আগামী ৮ জুলাই এক দফায় পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। কাল থেকেই মনোনয়ন জমা দেওয়া যাবে। যা চলবে আগামী ১৫ মে পর্যন্ত। তবে মনোনয়ন পর্ব থেকেই বাংলায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা বিরোধীদের।












Click it and Unblock the Notifications