বেলদায় তৃণমূল কংগ্রেস-বিজেপি মারামারি, যথেচ্ছ বোমাবাজি, জখম তিন

স্থানীয় সূত্রে খবর, ওইদিন রাতে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী পার্টি অফিস থেকে ফিরছিলেন বৈঠক শেষ করে। সেই সময় বিজেপি সমর্থক বলে পরিচিত এলাকারই কিছু যুবককে দেখে তারা কটূক্তি করে বলে অভিযোগ। কুৎসা করা হয় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। বিজেপি সমর্থকরাও পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করে। এর জেরে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এলাকায় উত্তেজনা ছড়ায়। তার পরই শুরু হয় মারামারি। বিজেপি-র জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেছেন, "তৃণমূল কর্মীরা আমাদের এক সমর্থকের বাড়িতে প্রথম হামলা চালায়। ওঁর নাম গৌরাঙ্গ দাশ। আমাদের দুই সমর্থক কার্তিক রক্ষিত ও শেখ তাজু রহমানকে মাটিতে ফেলে লাথি মারা হয়। কার্তিকবাবু গুরুতর জখম হন। এই হামলাবাজির বিরুদ্ধে বিজেপি প্রতিরোধ গড়েছিল মাত্র। আমরা ১৫ জন তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছি।"
এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ। তিনি বলেছেন, "বিজেপি-ই প্রথমে হামলা চালিয়েছে। ওরা আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। বেলদা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মঙ্গল সিংয়ের কাকা যদু সিংকে মারধর করেছে। আমরা ১৩ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে বেলদা থানায় এফআইআর করেছি।"
স্থানীয় মানুষ জানান, দু'পক্ষই পরস্পরের উদ্দেশে বোমা ছোড়ে। শূন্যে গুলি চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। খড়্গপুরের এসডিপিও অজিত সিং যাদব বলেছেন, দু'পক্ষেই কিছু অভিযুক্ত রয়েছে। তারা গা-ঢাকা দিয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এলাকায় পুলিশ টহল শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications