মমতার বাংলায় ফের বেজেছে ভোটের বাদ্যি, তিন কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘোষণা
মমতার বাংলায় ফের বেজেছে ভোটের বাদ্যি, তিন কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘোষণা
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে আগে থেকেই প্রার্থী নাম চূড়ান্ত ছিল। সামশেরগঞ্জে ও জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন যথাক্রমে আমিরুল ইসলাম ও জাকির হোসেন। তাঁদের নামই ফের চূড়ান্ত করা হল। রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমিরুল ইসলামকে সামশেরগঞ্জে এবং জাকির হোসনকে জঙ্গিপুরে প্রার্থী করা হল।

আর ভবানীপুরের প্রার্থীর নাম নিয়ে সকলের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। প্রত্যাশামতো ভবানীপুরের প্রার্থী হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নামে প্রচার শুরু হয়ে গিয়েছিল। এদিন সেই প্রচার ও দেওয়াল লিখনে সিলমোহর পড়ল। ফের ভবানীপুরে প্রার্থী হলেন মমতা। ঘরের মেয়ে ঘরে ফিরে এলেন।
এবার ২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁটে কা টক্কর হয়। শেয়ানে শেয়ান লড়াইয়ে লাস্ট রাউন্ডে কোনওরকমে জেতেন শুভেন্দু অধিকারী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ী ঘোষণা করা হয়। তা নিয়েও বিতর্ক চরমে ওঠে। শেষপর্যন্ত শুভেন্দুকেই জয়ী বলে ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের তরফে।
ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নন-এমএলএ হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর ৫ নভেম্বরের মধ্যে তাঁকে কোনও আসন থেকে বিধায়ক নির্বাচিত হতে হবে। সেই নিরিখে উপনির্বাচনের দাবি জানাতে থাকে তৃণমূল। তৃণমূলের দাবি মেনে করোনা পরিস্থিতিতে একটি মাত্র কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়। কেন শুধু ভবানীপুরে কেন্দ্রে উপনির্বাচন তা নিয়ে বিতর্ক দানা বাঁধে। বিজেপি একমাত্র কেন্দ্রে উপনির্বাচন ঘোষণার প্রতিবাদে সরব হয়।
তৃণমূল অবশ্য সেইসব দিকে ফিরে না তাকিয়ে তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে প্রচার শুরু করে দিল। বিজেপি এখনও ভাবছে তাঁরা প্রার্থী ঘোষণা করবে নাকি আইনি পথে লড়াইয়ে নামবে। ভবানীপুরে ভোট আটকাতে বিজেপি আদালতের দ্বারস্থ হতে পারে বলে সূত্রের খবর। আর বিজেপি যদি আইনি লড়াই থেকে সরে এসে নির্বাচনী লড়াইয়ে হাঁটে তবে তাঁদের প্রার্থী ঘোষণা হবে ৭ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার দলের বৈঠকের পর।












Click it and Unblock the Notifications