সময় নষ্ট না করে আসন্ন উপনির্বাচনের জন্য দুই কেন্দ্রে প্রার্থী ঘোষনা করল তৃণমূল
নির্বাচন কমিশন সোমবারই ঘোষনা করে আগামী ১৯ নভেম্বর এরাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সময় নষ্ট না করে দুটি কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করে দিল শাষক দল তৃণমূল।
কলকাতা, ১৭ অক্টোবর : রাজ্যে পুজো শেষ হতে না হতেই ভোট উৎসবের দামামা বেজে গেল। নির্বাচন কমিশন সোমবারই ঘোষনা করে আগামী ১৯ নভেম্বর এরাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষনা সামনে আসতেই সময় নষ্ট না করে দুটি কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষনা করে দিল শাষক দল তৃণমূল কংগ্রেস।
যে তিনটি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে মন্তেশ্বর থেকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন প্রয়াত সজল পাঁজার ছেলে সৈকত পাঁজা। তমলুক থেকে তৃণলূলের প্রার্থী হচ্ছেন দিব্যেন্দু অধিকারী। একমাত্র কোচবিহার থেকে কে তৃণমূলের প্রার্থী হচ্ছেন তা আজ দলের তরফে জানানো হয়নি ।

উল্লেখ্য কোচবিহারের লোকসভা আসনটি শূণ্য হয় রেণুকা সিং এর প্রয়াণে। মন্তেশ্বরেও তৃণমূল বিধায়র কয়েক দিন আগেই মারা যান। তাই এই আসনটিও খালি হয়ে যায়। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় মন্ত্রিসভায় পরিবহণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। ফলে তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ পদ থেকে তাঁকে ইস্তফা দিতে হয়েছে। তাই রাজ্যের এই তিনটি আসনে উপনির্বাচন হবে আগামী ১৯ নভেম্বর।
আগামী ২৬ অক্টোবর উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। ৫ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণের ৩ দিন পরে ২২ নভেম্বর ভোট গণনা। এবারের উপনির্বাচনে কংগ্রেস আদৌ প্রার্থী দেবে কিনা তাই নিয়ে এখন জোর জল্পনা চলছে। তবে আগেভাগে প্রার্থী ঘোষনা করে কাজ অনেকটাই এগিয়ে রাখল তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications