সিগারেটের ছ্যাঁকা দিয়ে বিজেপি কর্মীর শরীরে 'টিএমসি' লিখল দুর্বৃত্তরা

গত ৩০ নভেম্বর কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহের সভায় গিয়েছিলেন বাঁশবেড়িয়ার বিজেপি কর্মী বিষ্ণু চৌধুরী। অভিযোগ, এ কথা জানতে পারে তৃণমূল কংগ্রেসের দাদারা। তারা পরে বাড়িতে এসে চড়াও হয়। প্রথমে পরিবারের লোকের সামনেই বিষ্ণুবাবুকে চড়থাপ্পড় মারা হয়। পরে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। শীতের রাতে বিবস্ত্র করে আরও মারধর চলে। তার পর চার-পাঁচজন মিলে তাঁকে চেপে ধরে। বলা হয়, 'মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' স্লোগান দিতে হবে। বিষ্ণুবাবু অস্বীকার করলে জ্বলন্ত সিগারেট দিয়ে তাঁর বুকের ওপর 'টিএমসি' লিখে দেওয়া হয়। বলা হয়, 'তুই চাইলেও আর কোনওদিন টিএমসি থেকে নিজেকে আলাদা করতে পারবি না।'
বিজেপি নেতা রীতেশ তিওয়ারি বলেন, "এই ঘটনা নিন্দার ভাষা নেই। মানুষ সব দেখছে। ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস এর জবাব পাবে। এর পর আস্তাকুঁড়েতে ওদের জায়গা হবে।"
প্রাক্তন সিপিএম সাংসদ সুজন চক্রবর্তী বলেছেন, "শুধু বিজেপি নয়, সিপিএমের ওপর ওরা এভাবে হামলা চালাচ্ছে। আমাদের অনেক কর্মী-সমর্থক প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমি বাঁশবেড়িয়ার ঘটনার তীব্র নিন্দা করছি।"
হুগলী জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তপন দাশগুপ্ত বলেন, "ওই লোকটা প্রথমে সিপিএম করত। পরে কংগ্রেসে যায়। এখন বিজেপিতে ভিড়েছে। কিছুদিন আগে জেলে গিয়েছিল। লোকটা একটা দুষ্কৃতী। আর গোটা ঘটনা বিজেপির সাজানো। আমাদের দলের কেউ এই কাজ করেনি। তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে এ সব গল্প তৈরি করছে বিজেপি।"
পুলিশে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও গ্রেফতারির খবর নেই।












Click it and Unblock the Notifications