হুমায়ূন কবীরের সঙ্গে বিজেপির ১০০০ কোটির ডিল? বড় ভিডিও প্রকাশ তৃণমূল কংগ্রেসের
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস এক সাংবাদিক সম্মেলনে বোমা ফাটাল। একটি ভিডিও প্রকাশ করে তারা আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর এবং বিজেপির মধ্যে সরাসরি আঁতাতের অভিযোগ তুলেছে। রাজ্যের শাসকদল দাবি করেছে, এতে কোটি টাকার লেনদেন জড়িত রয়েছে।
এক সাংবাদিক সম্মেলনে হুমায়ুন কবীরের ভিডিও দেখিয়ে তৃণমূল অভিযোগ করেছে, বিজেপি থেকে টাকা নিয়ে তিনি মুসলিম ভোটারদের ভুল বোঝাচ্ছেন। তৃণমূলের দাবি, হুমায়ুন বিজেপির কাছে ১০০০ কোটি টাকা চেয়েছেন, যার মধ্যে ২০০ কোটি অগ্রিম দিতে বলেছেন। শাসকদল এই বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হলদিয়ার জনসভার পরই কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম এক সাংবাদিক সম্মেলন করেন। তাঁদের অভিযোগ, বিজেপির থেকে টাকা নিয়ে মুসলিমদের ভোট কাটার চক্রান্ত করেছেন হুমায়ুন কবীর। ভিডিওতে দাবি করা হয়, তাঁর সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার যোগাযোগ আছে।
ওয়ানইন্ডিয়া বাংলা অবশ্য এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভিডিওতে হুমায়ুন কবীরকে বলতে শোনা যাচ্ছে, মুসলিম ভোট প্রভাবিত করতে তিনি বিজেপির কাছে হাজার কোটি টাকা চেয়েছেন, যার মধ্যে ২০০ কোটি অগ্রিম চেয়েছেন।
মুসলিম সমাজের ভাবাবেগকে কাজে লাগাতে তিনি বাবরি মসজিদের দাবি তুলেছেন। হুমায়ুন আরও বলেন, "বাবরি নামের থেকেও মসজিদটা আসল।" পিএমও, অসম ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখারও দাবি তাঁর।
তৃণমূলের বক্তব্য, "মুসলিমদের বিভ্রান্ত করা সহজ সেই জন্যই বাবরি মসজিদ নাম ব্যবহার করা হয়েছে এমনটাই বলছেন হুমায়ুন কবির। উনি বলছেন পিএমওর সঙ্গে যোগাযোগ আছে। কোন অফিসারদের সঙ্গে যোগাযোগ আছে তদন্ত দরকার। অন্য রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ আছে হুমায়ুন বলছেন। হুমায়ুনের সঙ্গে মিলে বিজেপির ভোট ভাগের আঁতাত পুরোটাই আজকে প্রমাণ হয়ে গেল। বিজেপি নির্বাচনে হারার আগে হেরে গেছে।"
সাংবাদিক সম্মেলনে ফিরহাদ হাকিম আরও বলেন, "মুসলিম ধর্মাবেগকে বিক্রি করছেন হুমায়ূন কবীর। হাজার কোটি টাকা চাইছেন। আমরা এই মুসলমান সমাজের মানুষ কি গরু-ছাগল নাকি বুদ্ধিহীন? এই রকম মানুষ এই কাজ করবে আর আমরা সেটা মেনে নেব? আমাদের নিজস্ব বুদ্ধি আছে এবং আমরা এর জবাব দেব। এসআইআর করে নাম বাদ দিয়ে শান্তি হচ্ছে না। এর উপরে বেইমানগুলোকে কিনে নিচ্ছে।"












Click it and Unblock the Notifications