Weather Update: বাংলা জুড়ে দুর্যোগের ভ্রুকুটি! ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা
পশ্চিমবঙ্গের ওপরে অক্ষরেখার সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগের ওপরে ঢুকছে। এর ফলে ৩১ মার্চ শুক্রবারের পাশাপাশি ১ এপ্রিল শনিবার রাজ্য জুড়ে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২ এপ্রিল রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা।

উত্তরবঙ্গের জন্য সতর্কতা
আবহাওয়া দফতর জানিয়েছে, ৩১ মার্চ শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যে কারণে ওইদিনের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফ থেকে ৩১ মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের জন্যও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

হলুদ সতর্কবার্তা
১ এপ্রিল শনিবার উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় ওপর দিয়ে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে ওইদিনের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। ওইদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সম্ভাব্য প্রভাব
আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে এই আবহাওয়ার প্রভাবে মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে। এছাড়াও হর্টিকালচার এবং চা-বাগানেরও ক্ষতির সম্ভাবনা রয়েছে। নড়বড়ে যেসব কাঠামো রয়েছে, সেইসবেরও ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কী কী ব্যবস্থা নিতে হবে
ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সময় তুলনামূলক নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে। কোনওভাবেই খোলা জায়গায় যাওয়া যাবে না। গাছ কিংবা বিদ্যুতের বাতিস্তম্ভের নিচে আশ্রয় নেওয়া যাবে না।

বিভিন্ন রাজ্যে শিলাবৃষ্টির পূর্বাভাস
উত্তর ভারতের বিভিন্ন অংশে ৩০ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ে ৩০ ও ৩১ মার্চ শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্ব ভারতের বাংলা ছাড়াও, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিমে ৩০ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। উত্তর-পূর্ব ভারতে ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications