বেপরোয়া বাইক ধরতে গিয়ে প্রহৃত, পুলিশকর্মী আশঙ্কাজনক

বেপরোয়া বাইক চালানোয় তিন যুবকের পথ আটকে দাঁড়িয়েছিলেন রামপুরহাট থানার এক কনস্টেবল। তাই তাঁর রাইফেল কেড়ে নিয়ে বেধড়ক পেটানো হল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পাশাপাশি, এক এনভিএফ কর্মীকেও মারা হয়েছে নির্মমভাবে।
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে রামপুরহাটের হাটতলায় একটি বাইকে চেপে প্রচণ্ড গতিতে যাচ্ছিল তিন যুবক। কিন্তু তাদের বেপরোয়াভাবে গাড়ি চালাতে দেখে পথ আটকান কনস্টেবল অরুণ মুখোপাধ্যায়। এর জেরে ক্ষেপে লাল হয়ে যায় তারা। প্রথমে বচসা, তার পর ওই পুলিশকর্মীর রাইফেল কেড়ে নেওয়া হয়। মুখে ঘুষি মারা হয়। মাটিতে ফেলে চলে চড়-থাপ্পড়-লাথি। রাইফেলের কুঁদো দিয়ে বুকে ঘা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে তাঁকে। প্রথমে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ওই কনস্টেবলকে। পরে অবস্থা খারাপ হলে পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তিনি ভর্তি আছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
এই বীরভূমেই এর আগে আক্রান্ত হয়েছে পুলিশ। দুবরাজপুরে দুষ্কৃতীদের হামলায় মারা যান এক পুলিশ অফিসার। কিছুদিন আগে বোলপুর থানায় ঢুকে ভাঙচুর চালায় তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। চৌমণ্ডল গ্রামে বোমা উদ্ধার করতে গিয়ে জখম হন পাড়ুই থানার ওসি।












Click it and Unblock the Notifications