টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে জলবন্দি ৩০ হাজার, প্লাবিত মন্ত্রীর পাড়াও

সোমবার সন্ধে থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় উত্তরবঙ্গের তিন জেলা যথাক্রমে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বৃষ্টিতে কয়েকদিন খামতি থাকায় যখন বর্ধিত জলস্তর নামতে শুরু করেছিল, তখন নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি খারাপ হয়। ফালাকাটা, মাদারিহাট ও ধূপগুড়ি ব্লকের অবস্থা সবচেয়ে খারাপ হয়েছে বলে খবর। মুজনাই, তোর্সা, ডুডুয়া নদীগুলি বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে। জলস্তর বেড়ে গিয়েছে তিস্তা, জলঢাকা ও কালজানি নদীতে। এই নদীর এলাকায় আশপাশে 'হলুদ সতর্কতা' জারি করা হয়েছে। ফালাকাটার জটেশ্বরে ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে জল বইতে থাকায় যান চলাচল ব্যাহত হয়।
বৃষ্টিতে শিলিগুড়ি ও জলপাইগুড়ি শহরের কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। জলপাইগুড়ি ও শিলিগুড়ির বাসিন্দাদের অভিযোগ, পুরসভার গাফিলতির কারণেই এই দুর্দশা। কারণ, দীর্ঘদিন ধরে বলা হলেও নিকাশি ব্যবস্থার দিকে নজর দেয়নি তারা। শিলিগুড়ির কলেজপাড়া ও হাকিমপাড়ায় কোথাও এক হাঁটু জল, কোথাও আবার কোমর সমান। এমনকী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব যেখানে থাকেন, সেই কলেজপাড়ায় তাঁর বাড়ির সামনেও জল দাঁড়িয়ে গিয়েছে।
সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় তৈরি রাখা হচ্ছে উদ্ধারকর্মীদের। ত্রাণ বিলি নিয়ে ব্লক স্তরের অফিসারদের সঙ্গে বৈঠক করেছে প্লাবিত তিন জেলার প্রশাসন।












Click it and Unblock the Notifications