হাওড়া হাসপাতালের জুনিয়র ডাক্তার নিগ্রহে বাড়ল গ্রেফতারের সংখ্যা
হাওড়ার হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসককে হেনস্থার ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এই ঘটনায় ট্র্যাফিক হোমগার্ডসহ দু'জনকে ধরা হয়েছিল। এই নিয়ে মোট তিনজনকে গ্রেফতার করা হল। এদিন বুধবার পুলিশ তৃতীয় অভিযুক্তকে গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত শেখ বাবুলালকে ইতোমধ্যে অস্থায়ী হোমগার্ডের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
পুলিশের সূত্র অনুযায়ী, নতুন ধৃত ব্যক্তির নাম শেখ সম্রাট। গত সোমবার সন্ধ্যায় উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে যখন ঘটনাটি ঘটে, তখন সম্রাট বাবুলালের পরিচিত হিসেবে সেখানে উপস্থিত ছিল।

এর আগে গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক তাদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই মূল অভিযুক্ত বাবুলালকে তার কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। বাবুলাল উলুবেড়িয়া ট্র্যাফিক গার্ডে অস্থায়ী হোমগার্ড হিসেবে কাজ করত।
সোমবার সন্ধ্যায় বাবুলাল তার এক আত্মীয়কে নিয়ে উলুবেড়িয়ার ওই হাসপাতালের প্রসূতি বিভাগে গিয়েছিল। তার সঙ্গে আরও ১০-১২ জন ছিল। সেই সময়েই 'আক্রান্ত’ ওই মহিলা জুনিয়র চিকিৎসক প্রসূতি বিভাগে কর্মরত ছিলেন।
ট্র্যাফিক হোমগার্ডের আত্মীয়ের শারীরিক পরীক্ষা করার পর চিকিৎসক কিছুক্ষণ বিশ্রামকক্ষে বসেছিলেন। অভিযোগ উঠেছে, সেই সময় বাবুলাল তার দলবল নিয়ে জুনিয়র চিকিৎসকের ওপর চড়াও হয় এবং তাকে মারধর করে।
আক্রান্ত চিকিৎসকের দাবি, হামলাকারী দলের কয়েকজন তাকে ধর্ষণের হুমকি দেয় এবং প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে ওয়ার্ডের নার্স ও আয়ারা তাকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করেন।
ঘটনার দিন রাতেই ওই জুনিয়র চিকিৎসক উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ প্রথমে দু'জনকে গ্রেফতার করে এবং এবার তৃতীয় অভিযুক্তকেও ধরতে সক্ষম হল।












Click it and Unblock the Notifications