মালদহে রাহুলের সভা নিয়ে অনিশ্চয়তা! কমিশনে যাচ্ছে কংগ্রেস
২৩ মার্চ মালদহে রাহুল গান্ধীর সভা নিয়ে অনিশ্চয়তা। প্রশাসনের বিরুদ্ধে কংগ্রেসের সভা ভেস্তে দেওয়ার পরিকল্পনার অভিযোগ করেছে কংগ্রেস।
২৩ মার্চ মালদহে রাহুল গান্ধীর সভা নিয়ে অনিশ্চয়তা। প্রশাসনের বিরুদ্ধে কংগ্রেসের সভা ভেস্তে দেওয়ার পরিকল্পনার অভিযোগ করেছে কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম বলেছেন, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি তারা আদালতেরও দ্বারস্থ হবেন।

রাজ্যে রাহুল গান্ধীর নির্বাচনী প্রচারে আসার কথা রয়েছে ২৩ মার্চ। চাঁচলের কলমবাগান ময়দানে এই সভা হওয়ার কথা রয়েছে। ১৫ মার্চ এই সভা হওয়ার কথা থাকলেও হেলিপ্যাড সংক্রান্ত অসুবিধার কারণে সভা পিছিয়ে ২৩ মার্চ করা হয়। জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, এই সভার অনুমতি নিতে প্রথমে তাঁরা গিয়েছিলেন মালদহের জেলাশাসকের কাছে। তিনি জানান, অনুমতি দেবেন চাঁচলের মহকুমা শাসক। সেইমতো আবেদন পত্র জমা দেওয়া হয়। অনুমতি দেওয়ার সঙ্গে মহকুমা শাসক জানান, সভায় মাইক ব্যবহার করা যাবে না। পরীক্ষার অজুহাত দেখানো হয়েছে বলে খবর।
কংগ্রেস বলছে, সূর্যকান্ত মিশ্র, শুভেন্দু অধিকারী সভা করছেন, সেখানে অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু কংগ্রেসের সভায় মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না। এপ্রসঙ্গে ২৫ মার্চ আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর সভার কথাও উল্লেখ করেছে জেলা কংগ্রেস নেতৃত্ব। তাদের অভিযোগ সভা বানচার করার চেষ্টা করছে রাজ্য সরকার ও তৃণমূল। ইতিমধ্যেই তারা লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছেন, যে চাঁচল মহকুমায় এখনও কোনও পরীক্ষা নেই। তাও অনুমতি না মেলায় বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি তারা আদালতেরও দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব।












Click it and Unblock the Notifications