গননা কেন্দ্রে প্রকাশ্যেই পড়েছিল ছাপ্পা, তাও এখানে পুনর্নির্বাচন চায় না কমিশন
নদিয়া জেলার মাঝদিয়ার, যেখানে ভোটের গননা কেন্দ্রের মধ্যেই ছাপ্পা ভোটদানের ছবি দেখা গিয়েছিল সেখানে পুনর্নির্বাচনের কোনও আদেশ দিল না রাজ্য নির্বাচন কমিশন।
রাজ্য নির্বাচন কমিশন মাঝদিয়ায় দুই বুথে পুননির্বাচনের নির্দেশ না দেওয়ায় বিতর্ক শুরু হয়েছে। বৃহস্পতিবার নদীয়ার মাঝদিয়ায় সুধীর রঞ্জন লাহিড়ী কলেজ চত্ত্বরে গননা কেন্দ্রের মধ্যেই 'ছাপ্পা' ভোট দেওয়া হয়।

যে গননা টেবিলে এই ঘটনা ঘটে, সেখানে কৃষ্ণগঞ্জ ব্লকের গননা চলছিল। শিবনিবাস গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী ছিলেন নীলাদ্রি সুকুল। তাঁর অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতের ১০১ নম্বর বুথের গননা চলাকালীন, আচমকা কয়েকজন যুবক গননাকেন্দ্রে ঢুকে পড়ে। তাঁকে বাইরে বেরিয়ে যেতে বলা হয়। তিনি রাজি না হওয়ায়, শুরু হয় মারধর। সেসময় পাশেই পুলিশ কর্মীরা থাকলেও, তাঁদের কাছে সাহায্য চেয়েও মেলেনি বলেই দাবি নীলাদ্রি বাবুর। তাঁর আরও অভিযোগ ছিল যে, তাঁর প্রতিদ্বন্দ্বী, তৃণমূল প্রার্থী পার্থ ঘোষ গননাকেন্দ্রের ভিতরে লাগানো ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙে দেন। মার খান এক ভোট কর্মীও।এরপর প্রার্থীদের সামনেই শুরু হয় দেদার ছাপ্পা মারা। কয়েকজন সংবাদ মাধ্যমের প্রতিনিধি ঘটনার ভিডিয়ো করতে গেলে, তাঁদেরও হুশিয়ারি দেয় ছাপ্পাবাজ দুষ্কৃতীর দল।
ভোট সন্ত্রাসের এতদিন নানাবিধ অভিযোগ এবং প্রমাণ সামনে এসেছে। কিন্তু এভাবে ভোট গননা কেন্দ্রের মধ্যে ঢুকে ছাপ্পা দেওয়ার নগ্ন ছবি এই প্রথম প্রকাশ্যে এল। গনতন্ত্রের পক্ষে এই চিত্র অত্যন্ত ভয়ানক ও বিপজ্জনক বলেও মন্তব্য করেছে একাধিক রাজনৈতিক দল। কিন্তু এই বিষয়ে শাসক দলের শীর্ষ নেতৃত্ব সেভাবে কোনও প্রতিক্রিয়া দেননি। অভিযোগ, যাঁরা এই 'ছাপ্পা' দিচ্ছিল তারা সকলেই শাসক দলের পরিচিত মুখ। এই ঘটনার পর শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের দুটি বুথে গননা স্থগিত রাখা হয়। ভোট কর্মীরাও নিরাপত্তার দাবি তুলে এই কেন্দ্রের ভোট গননা বন্ধ করে দেন।
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের গননার দিনের একধিক সন্ত্রাসের ছবিই সামনে এসেছে। কোথাও দেখা গিয়েছে গননা কেন্দ্রের মধ্য থেকেই লুঠ হয়ে গিয়েছে ব্যালট বাক্স। পরে তা উদ্ধার হলেও এতে থাকা ব্যালট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিরোধী প্রার্থীরা। কিন্তু শাসক দলের প্রার্থীদের দাপটে বিরোধীদের সেসব প্রতিবাদ ধোপে টেকেনি বলে অভিযোগ। এমনকী বহু স্থানেই এগিয়ে থাকা বিরোধী প্রার্থীদের রহস্যময় ভাবে পিছনে ফেলে জয়ী ঘোষিত হয়েছেন শাসক দলের প্রার্থীরা। কোথাও ব্যালট বাক্সের সিল ভেঙে ব্যালট পেপার ভরে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। কিন্তু সব ঘটনাকেই ছাপিয়ে গিয়েছিল নদীয়ার মাঝদিয়ায় গননা কেন্দ্রের মধ্যে অবাধে ছাপ্পা ভোট দেওয়ার ছবিটি। স্বাভাবিকভাবেই বিরোধী দলগুলো আশা করেছিল মাছদিয়ার শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের ওই দুটি বুথে হয়তো পুনর্গননা বা পুনর্নির্বাচনের নির্দেশ দেবে কমিশন। কিন্তু শুক্রবার কমিশনের তরফে সেই আদেশ না আসায়, এক বিতর্ক কিন্তু তৈরী হয়েছে।












Click it and Unblock the Notifications