স্রেফ একটা শূন্যের ভুল! রাজ্যে আকাশ ছুঁয়েছিল স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান, কাটল উদ্বেগ
স্রেফ একটা শূন্যের ভুল! রাজ্যে আকাশ ছুঁয়েছিল স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান, কাটল উদ্বেগ
মাত্র একটা শূন্যের ফারাক, তাতেই আকাশ ছুঁল বাংলার স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান। সম্প্রতি খবরে প্রকাশ হয়- মঙ্গলবার হোম কোয়ারান্টিনে পাঠানো হয়েছে রাজ্যের এক লক্ষের বেশি মানুষকে। মাত্র ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৩ হাজার ৩৯১ জনকে হোম কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। কিন্তু সেই তথ্য ভুল। ভুল করে ১-এর পাশে একটা বাড়তি শূন্য পড়ে গিয়েছিল।

এক শূন্যেই বিপত্তি বাধে
আর এই এক শূন্যেই বিপত্তি বাধে। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মাঝে স্বাস্থ্য দফতরের এমন ভুলকে কিছুতেই আমল দিচ্ছে না নবান্ন। কেন এমন ভুল, এমন দায়িত্বজ্ঞানহীনতা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নবান্নের তরফে জানতে চাওয়া হয়েছে, কেন এমন ভুল হল, কোথায় গাফিলতি!

১ লক্ষ নয়, ১০ হাজার
এদিন নতুন করে বুলেটিনে জানানো হয়েছে, একটা শূন্যের ভুলে সংখ্যাটা ১ লক্ষ হয়ে গিয়েছে। ওটা আসলে ১০ হাজার হবে। রাজযের এক লক্ষ্য মানুষ হোম কোয়ারান্টিনে এই খবর সম্প্রচারিত হতেই হইচই পড়ে যায়। তারপর সামনে আসে প্রকৃত ঘটনা। রাজ্য জানায় কোনও আতঙ্কের কারণ নেই। সতর্কতার জন্যই ১০ হাজার মানুষকে হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে।

হোম কোয়ারান্টিনে ১ লক্ষ!
মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়, রাজ্যে হোম কোয়ারান্টিনে পাঠানো হয়েছে ১ লক্ষ ৩ হাজার ৩৯১ জনকে। এক লাফে এই সংখ্যাটা বেড়ে হয় ১ লক্ষ ৫০ হাজার ৪৮২। অর্থাৎ এই একদিনেই মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়েছে হোম কোয়ারান্টিনে থাকা মানুষের সংখ্যা। সোমবার পর্যন্ত সংখ্যাটা ছিল ৪৭ হাজার ৯১ জন।

আক্রান্তের সংখ্যা বাড়ছে, বাড়ছে আশঙ্কাও
এদিকে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে বাংলায়। রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩৭-এ। মোট ৬ জনের মৃত্যু হয়েছে। তিনজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে রোগমুক্তির পর। এখন ২৮ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ৬ জন রয়েছেন ভেন্টিলেশনে। বাকি ২২ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল।












Click it and Unblock the Notifications