সপ্তাহান্তে বদলাবে আবহাওয়া! এই দিন থেকেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কী জানাচ্ছে হাওয়া অফিস?
বসন্ত শুরু হয়ে গেলেও আবহাওয়ায় এখন অদ্ভুত দ্বৈত চরিত্র। ভোর বেলার দিকে এখনও হালকা ঠান্ডার অনুভূতি পাওয়া গেলেও দুপুর গড়াতে না গড়াতেই বাড়ছে গরম। আর এই আবহের মধ্যেই নতুন করে আবার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শেষ থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী শনিবার থেকেই আকাশে মেঘের আনাগোনা ধীরে ধীরে বাড়বে। তবে বৃষ্টির মূল সম্ভাবনা শুরু হবে রবিবার থেকে। আবার সোমবারের পর বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
আর এই পরিবর্তনের পেছনে কয়েকটি আবহাওয়াগত কারণও কাজ করছে। আবহাওয়া দফতর জানিয়েছে যে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের বাংলাদেশ এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে উত্তর এবং পূর্ব বাংলাদেশের দিকেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর সাথে জম্মু এবং কাশ্মীর সংলগ্ন অঞ্চলে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা ও উত্তর থেকে পশ্চিম ভারতে প্রবেশ করতে থাকা নতুন ঝঞ্ঝার প্রভাব মিলিয়ে রাজ্যে বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে।
বৃষ্টির আগেও তাপমাত্রায় কিছু কিছু পরিবর্তনও দেখা যেতে পারে। বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, বৃষ্টি হওয়ার দুই দিন আগে থেকে গরম বাড়তে পারে, বিশেষ করে রাতের দিকের তাপমাত্রা কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তবে, শীতের অনুভূতি প্রায় বিদায় নিতে পারে।
জেলা অনুসারে বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। আগামী রবিবার ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার এই জেলাগুলির সাথে সাথে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং হুগলিতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications