রাজ্যে বিরোধীরা আতঙ্কে? 'নেতাদের উপর হামলা রুখতে...,' শুভেন্দুর মামলায় কড়া নির্দেশ হাইকোর্টের
রাজ্যে বিরোধী দলের নেতাদের উপর হামলার ঘটনা যাতে আর কখনও না ঘটে, সেই দায়িত্ব এবার রাজ্য সরকারকে নেওয়ার জন্য স্পষ্টভাবে বলল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ সব বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। শুভেন্দু অধিকারীর করা মামলার শুনানিতেই আদালত এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে যে, রাজনৈতিক মতামত আলাদা কারণে কোনও বিরোধী নেতার উপর একদমই হামলা চলতে পারে না। যদি এরকম কোনও ঘটনা ঘটে তাহলে তার সম্পূর্ণ দায় রাজ্যের ওপরই এসে পড়বে। প্রধান বিচারপতি মন্তব্য করেন যে, বিরোধী দলের নেতাদের নিরাপত্তা রক্ষা করাই হল প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব।
এই মামলার সূত্রপাত হয়েছিল সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার পর থেকে। কিছুদিন আগে পুরুলিয়ায় জনসভা সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার অভিযোগ উঠেছিল। শুভেন্দুর দাবি যে, রাতের অন্ধকারে বাঁশ এবং লাঠি হাতে কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ির উপর চড়াও হয়। তাঁর গাড়ির কাচ ভাঙার অভিযোগও ওঠে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ, ঘটনাটি ঘটার পর তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে সেখানে পুলিশ গিয়ে পুরো পরিস্থিতি সামাল দেয়। হামলার প্রতিবাদ ওরে এবং দোষীদের গ্রেফতার করার দাবিতে থানার সামনে এসে অবস্থান বিক্ষোভেও বসেন শুভেন্দু অধিকারী।
তবে, শুধু এই ঘটনাই নয়, আদালতে জানানো হয় যে, এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের একাধিক নেতা হামলার শিকার হয়েছেন।
সমস্ত ঘটনার প্রেক্ষিতেই আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে, বিরোধী দলের যে সমস্ত নেতারা রয়েছেন তাদের নিরাপত্তা কোনওভাবেই অবহেলা করা যাবে না। হাইকোর্ট বার্তা দিয়েছে যে, ভবিষ্যতে এরকম ঘটনা এড়ানোর জন্য রাজ্য সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।












Click it and Unblock the Notifications