আজব কাণ্ড! নিজের দোকানে নিজেই চুরি করলেন মালিক, কেন? পুলিশি জেরায় ফাঁস হলো কারণ
রাতের অন্ধকারে বাজারের মধ্যেই সোনার দোকানের শাটার ভেঙে চুরি! খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দোকানের মালিক থানায় গিয়ে অভিযোগ করেন যে, তাঁর দোকান থেকে প্রায় ৫০ লক্ষ টাকার সোনা এবং এক লক্ষ টাকা নগদ চুরি গেছে। অভিযোগটি পাওয়ার পরেই তদন্তে নামে শান্তিপুর থানার পুলিশ।

কিন্তু তদন্ত যত এগোতে থাকে, ততই অস্বাভাবিক লাগতে শুরু করে গোটা ঘটনা। দোকানের সিসিটিভি ফুটেজ দেখার সুযোগই পাওয়া যায়নি।কারণ মালিক দাবি করেন যে, চোরেরা নাকি হার্ড ডিস্ক নিয়ে পালিয়েছে। এর মধ্যেই দোকান থেকে দু'টি গোপন ক্যামেরা উদ্ধার করে পুলিশ। মালিককে জেরা করার পরেই তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়ে।
শেষ পর্যন্ত পুলিশের সন্দেহই সত্যি হয়। সেই দোকানের মালিকের বাড়ি থেকেই উদ্ধার হয় প্রায় ৫০ লক্ষ টাকার গয়না। অর্থাৎ, নিজের দোকানে নিজেই চুরি করে নাটক সাজিয়েছিলেন ওই ব্যবসায়ী।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, ওই সোনার ব্যবসায়ীর নামে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যাঙ্ক ঋণ ছিল। সেই ঋণ শোধ করার জন্যেই তিনি এই ভুয়ো চুরির পরিকল্পনা করেন। শুধুমাত্র থানাতেই অভিযোগ নয়, সংবাদমাধ্যমের সামনেও চুরির গল্প সাজিয়েছিলেন তিনি। পরে পুলিশি জেরায় সমস্ত কিছু স্বীকার করেন।
জানা গিয়েছেন যে, দোকানটির প্রায় এক কোটি টাকার বিমা করা ছিল। বিমার টাকা পাওয়ার আশাতেই এই ছক ফেঁদেছিলেন তিনি। পুলিশ ওই ব্যবসায়ী এবং তাঁর ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এই এলাকায় এরকম ঘটনা নতুন নয়। এর আগেও শান্তিপুর স্টেশন বাজার এলাকায় এক পোশাক ব্যবসায়ী বিমার টাকার লোভে দোকানে আগুন লাগার নাটক করেছিলেন। সেই বারও পুলিশের জেরার কারণে মিথ্যা ফাঁস হয়ে যায়।












Click it and Unblock the Notifications