Mamata Banerjee: উত্তরপ্রদেশে সব থেকে বেশি ভুয়ো জবকার্ড, সেখানে প্রকল্পের টাকা যায় কেন? প্রশ্ন মমতার
ইন্ডিয়া জোটের বৈঠক সম্পর্কে আগে কিছু জানানো হয়নি। অনেক কর্মসূচি থাকে। সেজন্যই যাওয়া হচ্ছে না। পরিষ্কার এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, উত্তরপ্রদেশে সব থেকে বেশি ভুয়ো জবকার্ড রয়েছে। সেখানে কেন প্রকল্পের টাকা বন্ধ করা হচ্ছে না? সেই প্রশ্ন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গ উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগেও কেন্দ্রীয় রাজ্য একাধিক ইস্যুতে বক্তব্য রেখেছেন তিনি। বিজেপিকে আক্রমণ করেছেন। রাজ্যে ১০০ দিনের কাজের টাকা পাওনা রয়েছে। সেই টাকা কিছুতেই কেন্দ্র পাঠাচ্ছে না। এইসব নিয়ে ফের মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আজ বুধবার কংগ্রেসের ডাকে ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে না। জোট সঙ্গীরা ব্যস্ত রয়েছেন। সে কারণেই বৈঠক বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাহুল গান্ধী ফোনে এ বিষয়টি জানান। আগে তিনি জানতেন না। মুখ্যমন্ত্রীদের নিজস্ব কর্মসূচি থাকে। সে কারণেই আগে থেকে না বললে, সময় বার করা সম্ভব হয় না। এবার বৈঠক হল না। আগামী দিনে নিশ্চয়ই সেই বৈঠক হবে।
একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না। তাই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ শাসক দল তৃণমূল কংগ্রেস। বকেয়া জটিতলা কাটাতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করুক। তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীর পরামর্শ শুনেছি। এর আগে তিনবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত হয়েছে।
আগামী দিনে প্রধানমন্ত্রী সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এ কথা আগেই জানিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের বিজেপিকে আক্রমণ করেছেন।তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশে সব থেকে বেশি ভুয়ো জবকার্ড রয়েছে। সেখানে কী করে তাহলে সরকারি প্রকল্পের টাকা পৌঁছায়?
রাজ্যে বিজেপির কর্মসূচি নিয়েও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। যারা চেঁচামেচি করছেন, তারাই সব থেকে বড় পকেটমার। বিজেপি এতকাল ধরে কত পকেটমারি করেছে? সেই প্রশ্ন তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর গলায় উঠে এসেছে নোটবন্দি প্রসঙ্গ। পারিবারিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেলেন। এছাড়াও তিনি রাজনৈতিক কর্মসূচি করবেন উত্তরবঙ্গে। চারটি সভা করার কথা রয়েছে তাঁর।












Click it and Unblock the Notifications