অ্যাডভোকেট জেনারেলের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাজ্যপাল, এবার কে আসবেন ওই পদে?
রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোমবার এই পদত্যাগপত্র রাজ্যপাল গ্রহণ করেছেন বলে খবর। অ্যাডভোকেট জেনারেল পদে আর থাকলেন না সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই পদে কে নিযুক্ত হবেন? সেই নিয়ে চর্চা চলছে। কেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় পদত্যাগ করলেন? তাই নিয়েও রয়েছে জল্পনা।
বিদেশে রয়েছেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। দিন কয়েক আগে ইমেল মারফত রাজভবনে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে আর তিনি থাকতে চান না। কিন্তু কেন এই সিদ্ধান্ত? তাহলে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত? যদিও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

অ্যাডভোকেট জেনারেল একটি সাংবিধানিক পদ। এই পদ কখনও ফাঁকা রাখা যায় না। ফলে কে এই পদে নিযুক্ত হবেন? চর্চায় ফের কিশোর দত্তের নাম উঠে আসছে। সব কিছু ঠিক থাকলে কিশোর দত্ত ফের এই দায়িত্ব গ্রহণ করতে পারেন। বলা ভালো এর আগেও কিশোর দত্ত পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল পদে ছিলেন। কিন্তু একসময় তিনিও পদত্যাগ করেছিলেন। কেন তিনি পদত্যাগ করেন? সেই কথা অজানাই থেকে গিয়েছিল।
সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেল পদ ত্যাগ করার চিঠি পাঠান। কিন্তু তৎক্ষনাৎ সেই পত্র গ্রহণ করা হয়নি। এবার রাজভবন সেই পত্র গ্রহণ করেছেন। কিন্তু কেন চলে গেলেন তিনি? তথ্য বলছে, তৃণমূল সরকারের সময়ে পাঁচ বার অ্যাডভোকেট জেনারেল পদে বদল হয়েছে। তাহলে কি নবান্নের সঙ্গে সংঘাত হচ্ছে কোথাও?
রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস শাসনকালে একের পর এক মামলায় জড়িয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। কোথাও রাজ্য আদালতের কাছে ভর্ৎসিতও হয়েছে। শেষ কয়েক বছরে এই মামলার সংখ্যা অনেকটাই বেড়েছে। তাহলে কি মতের মিল হচ্ছিল না? এই প্রশ্নের উত্তর অধরা।
নবান্নের তরফেও এই নিয়ে কোনও কথা বলা হচ্ছে না। রাজ্যপাল পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এবার ওই শূন্যপদ সম্ভবত কিশোর দত্ত পূরণ করতে পারেন। তেমনই জল্পনা ওয়াকিবহাল মহলে।












Click it and Unblock the Notifications