গরমের ছুটির দিন ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী, অল্প কিছুদিন পরই স্কুলগুলিতে পড়বে ছুটি
রাজ্য জুড়ে তাপপ্রবাহ চলছে একাধিক জেলায়। কলকাতায় এখনও তাপপ্রবাহ শুরু না হলেও, গরম বেশ ভালোই পড়েছে। ইতিমধ্যেই ৪০-এর গন্ডি ছুঁয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। কোনও কোনও জেলায় আবার তাপমাত্রা ৪০-এর মাপকাঠিও ছাপিয়ে গেছে। এমন অবস্থায় সরকারি স্কুল গুলিতে পড়তে চলেছে গরমের ছুটি।
সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি আগেভাগে শুরু হচ্ছে এবার। ৩০ এপ্রিল থেকেই রাজ্যের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে, বৃহস্পতিবার তেমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলে দিলেন গোটা মাস জুড়েই কীভাবে থাকবে ছুটির আমেজ।

রাজ্যে তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গরমের কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের অসুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কতদিন পর্যন্ত ছুটি থাকবে, তা মুখ্যমন্ত্রী স্পষ্ট করেননি। প্রাথমিকভাবে ঠিক ছিল ১২ মে থেকে ১১ দিনের ছুটি থাকবে। তবে অকাল গরমের কারণে ছুটি এগিয়ে আনা হয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠক করার সময় জানান, ৩০ এপ্রিলের আগে আরও বেশ কিছু ছুটি রয়েছে। যেমন - ১০ এপ্রিল - মহাবীর জয়ন্তী, ১৪-১৫ এপ্রিল - পয়লা বৈশাখ এবং ৩০ এপ্রিলের আগের কয়েকটি রবিবারও ছুটি।
গত বছরও ৯ মে থেকে ২০ মে পর্যন্ত নির্ধারিত ছুটি বাড়িয়ে ২১ এপ্রিল থেকে ২ জুন পর্যন্ত গরমের ছুটি করা হয়েছিল। প্রায় দুই মাস স্কুল বন্ধ থাকার কারণে পড়াশোনার ক্ষতি হয় বলে অভিযোগ করেছিলেন শিক্ষকরা। একই কথা বলেছিলেন একাংশ অভিভাবকও।
শিক্ষকদের একাংশ বলছেন, গরমের ছুটির সময় বাড়ানোর পরিবর্তে স্কুলের সময় পরিবর্তন করলে ভালো হতো।
- সকাল সকাল ক্লাস শুরু হলে গরম কম লাগত
- পড়াশোনার ক্ষতি কম হত
- মিড-ডে মিল বন্ধ থাকত না, যা অনেক ছাত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল
সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলগুলিও একই সময় থেকে ছুটিতে যাবে কিনা, সে বিষয়ে এখনও কোনো নির্দেশ আসেনি। তবে সরকারের পক্ষ থেকে সেই সংক্রান্ত নোটিশ জারি হলে, তখন বেসরকারি স্কুল গুলিও হইত এই বিষয়ে কিছু সিদ্ধান্ত নিতে পারে।
ছুটি বাড়ানোয় শিক্ষার্থীদের গরম থেকে স্বস্তি মিললেও, দীর্ঘ বিরতির কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষিকারা। তবে সরকারের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ৩০ এপ্রিল থেকে ছুটি একপ্রকার নিশ্চিত ধরেই এগোচ্ছে সরকারি স্কুলগুলি।












Click it and Unblock the Notifications