রাতে ঠান্ডা, দিনে স্বস্তি! তাপমাত্রা কমল কলকাতায়, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
কলকাতা এবং তার আশপাশের জেলাগুলিতে শীত এখনও পুরোপুরি ভাবে বিদায় নেয়নি। যদিও ডিসেম্বরের শেষের মতো কাঁপুনি দেওয়া ঠান্ডা নেই, তবুও তাপমাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে কমই রয়েছে। গত রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। দমদমে আবার তাপমাত্রার পারদ আরও একটু নেমে গিয়ে ১২.৯ ডিগ্রি ছুঁয়েছে। দিনের বেলাতেও খুব একটা গরম অনুভূত হয়নি।

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গা গুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছিই ঘোরাফেরা করছে। বাঁকুড়া এবং বিষ্ণুপুরে রাতের তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে ৯ ডিগ্রির নীচে কোথাও পারদ নামেনি।
উত্তরবঙ্গে শীতের প্রভাব এখনও কিছুটা স্পষ্ট। দার্জিলিঙে কয়েক দিন ধরে খুব ঠান্ডা থাকার পর গত রবিবার তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর জানিয়েছে যে, উত্তরবঙ্গে আগামী কয়েক দিন তাপমাত্রায় সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। তবে কয়েকদিন পর থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সরস্বতী পুজোর সময় শীত অনেকটাই কমে যাবে বলেই ইঙ্গিত।
পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় আবার ঘন কুয়াশার সতর্কতাও জারি করা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের একাধিক এলাকায় কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে। ভোরের দিকে চলাফেরা করার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications