ফের উঁকি দিচ্ছে নিম্নচাপ, জাঁকিয়ে শীত কবে, কী বলছে হাওয়া অফিস
বড়দিনে বাংলায় শীত কিছুটা বাড়তে পারে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। শনিবার থেকে উত্তরভারতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। তার জের পড়তে চলেছে এই বঙ্গেও।
বড়দিনে বাংলায় শীত কিছুটা বাড়তে পারে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। শনিবার থেকে উত্তরভারতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। তার জের পড়তে চলেছে এই বঙ্গেও।

জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দিন কয়েক ধরে কুয়াশার প্রভাব ছিল দক্ষিণবঙ্গে। শীতই কমে গিয়েছিল। আবহাওয়া দফতর জানাচ্ছে, এরইমধ্যে একটি ঘূর্ণাবর্ত বিদায় নিয়েছে। প্রতিবেশী দেশের ওপর থাকা ঘূর্ণাবর্তের জেরে বাতাসে জলীয় বাষ্পের প্রভাব রয়েছে। ফলে কিছুটা কুয়াশাও রয়েছে। একইসঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখনও কাটেনি। ফলে উত্তরভারতেও শীতের প্রভাব কম। আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেই ঠাণ্ডার প্রভাব বাড়বে উত্তর ভারতে। বইতে পারে শৈত্য প্রবাহও। সেই প্রভাব বাংলাতেও পড়বে।
উত্তর ভারতে শৈত্যপ্রবাহের পূর্বাভাসের সঙ্গে আন্দামান সাগরে নতুন এক নিম্নচাপেরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এখনও সেটির গতিপ্রকৃতি সম্পর্কে কোনও আভাস পাওয়া যায়নি। তবে সেটি উত্তরমুখী হলে দক্ষিণবঙ্গে শীতে ফের বাধা আসার সম্ভাবনা।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে বেশি। জেলাগুলিতেও একই অবস্থা। কুয়াশার জেরে রোদে দেখাও মিলছে কম। ফলে সর্বোচ্চ তাপমাত্রা নিচের দিকে থেকে যাচ্ছে। দিনে ঠাণ্ডার অনুভব হলেও, রাতে ঠান্ডার পরিমাণ বাড়ছে না।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে তা কতটা কমবে এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে সেই শীত কতটা স্থায়ী হয় এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications