ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস! আবার তাপপ্রবাহ কবে, কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলির আবহাওয়া
দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও বাড়তে চলেছে। আগামী দিন পাঁচেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের পাঁচ জেলায় তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন মেঘলা আকাশ থাকার কারণে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল। আগামী চার-পাঁচ দিনে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। মঙ্গলবারের পরে বৃস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবারের আবহাওয়া কার্যত শুকনোই থাকবে।

সামগ্রিকভাবে আগামী চার থেকে পাঁচ দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। স্থানীয়ভাবে দু-একটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত কমার কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। কোনও কোনও জায়গায় রাতের দিকে হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী চার থেকে পাঁচ দিন কলকাতায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। ২৭ এপ্রিল বৃহস্পতিবার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। বাকি তিন জেলায় আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।
উত্তর-পূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে আগামী কয়েকদিন কোথাও তাপপ্রবাহের কোনও রকমের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications