ফের পারদ নামছে বাংলায়, কুয়াশা ও কনকনে হাওয়ার পূর্বাভাস, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
ডিসেম্বরের মাঝপথে এসেও শীত যেন লুকোচুরি খেলছে বাংলায়। কখনও হালকা উষ্ণতা, আবার কখনও হঠাৎই কনকনে হাওয়ায় কাঁপছে শহর ও গ্রাম, এমনই ওঠানামার ছবি ধরা পড়ছে চলতি মরশুমে। নভেম্বরের শেষ দিকে শীতের আমেজ শুরু হলেও মাঝে তাপমাত্রা সামান্য বেড়ে গিয়েছিল। তবে সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি।
আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক তথ্য বলছে, ফের শীতের দাপট বাড়ছে রাজ্যে। বীরভূমের শ্রীনিকেতনে এই মরশুমে প্রথমবারের মতো পারদ নেমেছে ১০ ডিগ্রির নীচে। রবিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতেও ঠান্ডার প্রভাব স্পষ্ট শহরের তাপমাত্রা নেমে গিয়েছে ১৫ ডিগ্রির নীচে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ জুড়ে বাংলার আকাশ থাকবে মূলত পরিষ্কার ও শুষ্ক। বৃষ্টি বা বড় কোনও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে উত্তরের জেলাগুলিতে কুয়াশার দাপট বাড়তে পারে। দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৬ ডিগ্রি ও সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গ দুই প্রান্তেই আগামী সাত দিন তাপমাত্রার খুব একটা ওঠানামা হবে না। তবে ভোরের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে প্রায় সব জেলাতেই, ফলে যান চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।
শুধু বাংলা নয়, দেশের অন্য রাজ্যগুলিতেও শীত ধীরে ধীরে জাঁকিয়ে বসছে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা ও মণিপুরে ইতিমধ্যেই ঠান্ডার প্রকোপ বেড়েছে। আগামী দিনে সেখানে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর।












Click it and Unblock the Notifications