দু'শো চাটার্ড ফ্লাইট নামিয়ে নিন দমদমে, তৃণমূলের লোকেরা সারাদিন উড়ুক, কটাক্ষ শুভেন্দুর
তৃণমূলের লোকেরা আজ ও আগামী কাল সারাদিন শুধু উড়ুক। রীতিমতো কটাক্ষ ছুঁড়ে দিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের দিল্লিতে কর্মসূচি রয়েছে। দিল্লি যাওয়ার বিশেষ ট্রেন পাওয়া যায়নি। তার বদলে রাজ্য থেকে বাসে কর্মী- সমর্থকদের দিল্লি নিয়ে যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব।
এবার সেই বিষয়েই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। বিশেষ ট্রেন না পাওয়ার ঘটনাকে তৃণমূল কংগ্রেস রীতিমতো ইস্যু করেছে। টাকা অগ্রিম নেওয়ার পরেও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়নি। তৃণমূলকে ভয় পাচ্ছে মোদী সরকার৷ তাই দিল্লির কর্মসূচিকে রোখার জন্য ট্রেন দেওয়া হল না। এই দাবি তৃণমূল নেতৃত্ব করছেন।

তৃণমূলের দাবি, গত ২৩ তারিখ রেলকে ৬১ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। ভাড়া ও অগ্রিম বাবদ এই টাকা দেওয়া হয়। যদিও পূর্ব রেলের কাছে এমন কোনও আবেদন করা হয়নি৷ আইআরসিটিসির কাছে এই আবেদন গিয়েছিল। তাদের অনুমোদন দেওয়ার কোনও এক্তিয়ার নেই৷ এই দাবি পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। ট্রেন না পেয়ে শেষ অবধি সড়কপথে বাস ভাড়া করে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে কর্মী- সমর্থকদের।
সেই বিষয়েই এবার কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, কে বলেছে ট্রেন বন্ধ রয়েছে? বাড়তি কোচ রেল দিতে পারবে না। এই কথাই বলা হয়েছে। এরপরেই রীতিমতো দুর্নীতি ইস্যুতে আক্রমণ করেছেন শুভেন্দু। দুর্নীতির টাকায় প্লেনে চেপে দিল্লি যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷
বিজেপি বিধায়কের কথায়, ২০০ এর মতো চাটার্ড ফ্লাইট নামিয়ে নিন না দমদমে। আজ ও আগামী কাল তৃণমূলের লোকেরা শুধু উড়ুক। ভাইপোর চুরির টাকায় প্লেন চড়বে অন্তত। এই কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।
বলা ভালো, তৃণমূলের বহু নেতা কলকাতা বিমানবন্দর থেকে বিমানে দিল্লি গিয়েছেন। অনেকে আবার রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসেও দিল্লি যাচ্ছেন বলে খবর৷ সওকত মোল্লা, সব্যসাচী দত্তরা এদিন বিমানে দিল্লি গিয়েছেন। এদিকে জব কার্ড হোল্ডার সহ তৃণমূল কর্মী- সমর্থকদের বাসে দিল্লি যাচ্ছেন।












Click it and Unblock the Notifications