সোমবার বিধানসভাতেই ধর্না দেবেন শুভেন্দু? ফের তৃণমূল, বিজেপি মুখোমুখি ?
সোমবার থেকে কি বিধানসভায় ফের মুখোমুখি শাসক দল তৃণমূল ও বিজেপি? এই প্রশ্ন এখন সব থেকে বেশি জোরালো হয়ে উঠছে। কারণ, সোমবার থেকে বিধানসভায় ধর্না, বিক্ষোভ করবেন শুভেন্দু অধিকারী। এদিকে শপথ গ্রহণের জন্য তৃণমূলের নব নির্বাচিত দুই বিধায়ক আম্বেদকর মুক্তি প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছেন।
কোচবিহারে এক মহিলার উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। সেই ঘটনায় শুভেন্দু অধিকারী প্রতিবাদ করেছেন। সেই ইস্যুতে শুভেন্দু অধিকারী আগামী সোমবার বিধানসভায় ধর্না দেবেন বলে খবর। শুভেন্দু সঙ্গে অন্যান্য বিজেপি বিধায়করাও থাকবেন। এ কথা বলাই বাহুল্য।

তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক গত পরশু থেকে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছেন। আগামী সপ্তাহেও তাঁদের এই অবস্থান চলবে বলে খবর। তৃণমূলের অন্যান্য মন্ত্রী, বিধায়করা তাদের পাশে এসে উপস্থিত হচ্ছেন। আজ শুক্রবার মন্ত্রী শশী পাঁজা, অরূপ রায় থেকে শুরু করে অন্যান্য বিধায়ক উপস্থিত হয়েছিলেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের পাশে তারা থাকছেন।
বিজেপির পক্ষ থেকে এবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হল। গত বছর বিধানসভায় বিক্ষোভ কর্মসূচিতে নজিরবিহীন ঘটনা দেখা গিয়েছিল। তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে 'চোর', 'গদ্দার' স্লোগান তুলেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী দুজনেই উপস্থিত ছিলেন সেখানে। দুপক্ষই বাটি, থালা, কাঁসর - ঘণ্টা, অন্যান্য জিনিসপত্র নিয়ে আসে। বিধানসভার বাইরে এইসব বাজানো হয় স্লোগানের পাশাপাশি।
বিধানসভার ঐতিহ্য, গরিমা প্রশ্নের মুখে দাঁড়ায়। জনপ্রতিনিধিরা এই ধরনের আচরণ কি করতে পারেন? সেই প্রশ্ন উঠেছিল। এরপর বিধানসভায় কোনওরকম বিক্ষোভ কর্মসূচি করা যাবে না বলে নির্দেশ জারি করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের বিধানসভার ভেতর ঢোকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা শপথ গ্রহণের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। তাই নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। এবার তিনিও বিধানসভায় ধর্না কর্মসূচির ডাক দিলেন।












Click it and Unblock the Notifications