ডায়মন্ড হারবারে তোলা তুলছে পুলিশ! ইলিশ ব্যবসায়ীদের তুমুল বিক্ষোভ নিয়ে বড় দাবি শুভেন্দুর
ডায়মন্ড হারবারে মাছ ব্যবসায়ীদের থেকে তোলা তুলছে পুলিশ! ভিডিও শেয়ার করে এমনই চাঞ্চল্যকর দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি অন্য মাত্রা পেয়েছে তার কারণ ডায়মন্ড হারবার থেকেই রেকর্ড ভোটে সাংসদ নির্বাচিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পুলিশকে ঘিরে মাছ ব্যবসায়ীদের ভিডিও শেয়ার করে শুভেন্দু লিখেছেন, "ডায়মন্ড হারবার মডেল - তোলাবাজ পুলিশের ইলিশ চুরি!!!"

শুভেন্দু এক্স হ্যান্ডলে লিখেছেন, "মমতা পুলিশের তোলাবাজি দিনকে দিন দুর্নীতির নতুন শৃঙ্গ উত্তরণ করছে। সরকারি বেতনে অসন্তুষ্ট এই আদ্যোপান্ত দুর্নীতিগ্রস্ত তথাকথিত "আইন রক্ষক"-এর দল নিজেরাই চৌর্যবৃত্তির পথ অবলম্বন করছে! কীভাবে এই চুরির সাম্রাজ্য বিস্তার করা যায় সেই পথ দেখায় ডাকাত সম্রাটের ডায়মন্ড হারবার মডেল।
গত কিছুদিন যাবৎ ডায়মন্ড হারবারে মাছের আড়ৎ থেকে ইলিশ মাছ কিনতে যাওয়া ছোটো ছোটো মাছ ব্যবসায়ীদের কাছ থেকে গাড়ি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তোলা তুলেছিল মমতা পুলিশ। টাকা দিতে না পারলেই ছোটো ইলিশ সরবরাহ করার অজুহাতে মাছ ভর্তি গাড়ি আটকে রাখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা।
মগরা হাট থানার এক আধিকারিক সৈকত রায় তেমনই একটি ইলিশ মাছ ভর্তি গাড়ি ধরেছিলেন। মাছ ব্যবসায়ীরা তাঁর চাহিদা অনুযায়ী তোলা দিতে পারেননি। তাঁরা দাবি করেন যে, তাঁরা ছোটো ইলিশ কেনেননি। কিন্তু পুলিশ আধিকারিক সৈকত রায় সে কথায় কর্ণপাত না করে মাছ ভর্তি গাড়িটি আটক করেন। সারাটা দিন কেটে যাওয়ার পর যখন তিনি দেখেন যে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা পাওয়া যাবে না তখন বিকেলের দিকে তিনি নিজেই ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মাছের আড়তে সেই আটক করা গাড়ির মাছ বিক্রি করতে যান এবং তখনই মাছ ব্যবসায়ীরা তাকে সেখানেই হাতেনাতে ধরে ফেলেন এবং তুমুল বিক্ষোভ দেখান। মাছ ব্যবসায়ীদের আরও অভিযোগ যে দুই (সিনটেক্স) পেটি ভর্তি ইলিশ মাছ গাড়ি থেকে পুলিশ ইতিমধ্যেই চুরি করে সরিয়ে ফেলেছে!
ডায়মণ্ড হারবার মডেল - তোলাবাজ পুলিশের ইলিশ চুরি !!!
— Suvendu Adhikari (@SuvenduWB) September 8, 2025
মমতা পুলিশের তোলাবাজি দিনকে দিন দুর্নীতির নতুন শৃঙ্গ উত্তরণ করছে। সরকারি বেতনে অসন্তুষ্ট এই আদ্যোপান্ত দুর্নীতিগ্রস্ত তথাকথিত "আইন রক্ষক" এর দল নিজেরাই চৌর্যবৃত্তির পথ অবলম্বন করছে ! কি ভাবে এই চুরির সাম্রাজ্য বিস্তার করা… pic.twitter.com/UpASheSNo9
মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এ রাজ্যের পুলিশ এখন 'তোলাবাজ পুলিশ'-এর শিরোপা পেয়েছে। পুলিশ এখন আসামী, দুষ্কৃতীদের ধরার জন্য নয়, তোলাবাজির জন্যেই যেনো মোতায়েন করা হয়েছে। রাস্তায় যত্রতত্র ট্রাক বা ছোটো বাণিজ্যিক গাড়ি থেকে তোলা ওঠানোই এখন তাদের প্রধান কাজ।
এবার তোলাবাজির অর্থ দিতে সক্ষম না হলে গাড়িতে থাকা মাল চুরি করে বিক্রি করে দিচ্ছে! এটাই ডায়মন্ড হারবার মডেল। এই সরকারটাকে তাড়াতেই হবে। নচেৎ বাংলার জনগণকে আরও কী কী যে দেখতে হবে তা ঈশ্বরই জানেন।"












Click it and Unblock the Notifications