Saradha Scam: ২১ জুলাইয়ের আগেই সিবিআইকে চিঠি ও নথি শুভেন্দুর, সারদা কাণ্ডে মমতা ও কুণালকে জিজ্ঞাসাবাদের দাবি
Saradha Scam: ২১ জুলাইয়ের পরদিনই গত বছর গ্রেফতার হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এবার একুশে জুলাইয়ের আগের দিন বিস্ফোরক অভিযোগ এনে সিবিআইকে চিঠি ও নথি পাঠালেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা চাইছেন, সিবিআই তদন্তে গতি আসুক। জিজ্ঞাসাবাদ করা হোক মমতা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে। মমতার নাম উঠে আসার পরও কেন সিবিআই জিজ্ঞাসাবাদের পথে হাঁটেনি, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন শুভেন্দু।

শুভেন্দু সিবিআই ডিরেক্টরকে ই-মেল করার পাশাপাশি চিঠি ও নথি ডাক বিভাগ মারফতও পাঠিয়েছেন। শুভেন্দু লিখেছেন, সিবিআই সারদা কেলেঙ্কারির কিংপিনকে না ধরতে পারায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সারদা-সহ বিভিন্ন চিটফান্ডের মালিকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে এবং তিনি সরাসরি এগুলির দ্বারা উপকৃত।
মমতা বন্দ্যোপাধ্যায় যে এই দুর্নীতিতে যুক্ত ও আসল অপরাধী, সে কথা কুণাল ঘোষ জেলবন্দি থাকাকালীন বারবার বলেছেন। চিঠিতে সে কথাও স্মরণ করিয়ে দেন শুভেন্দু। কুণাল ঘোষ, যিনি ৩৪ মাস জেলবন্দি ছিলেন এই দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত হিসেবে, তাঁর বক্তব্যের পরও সিবিআই মমতাকে জিজ্ঞাসাবাদের পথে হাঁটেনি।
ছোট মাছদের ধরা জয় নয়। বরং স্বচ্ছ ও নিরপেক্ষতার সঙ্গে তদন্ত প্রক্রিয়া চালিয়ে কিংপিনকে ধরাই মূল বিষয়। সেটা সিবিআই করতে পারবে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে বলেও দাবি শুভেন্দুর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিষ্ক্রিয়তায় বাড়ছে সংশয়। এরপরই শুভেন্দু ফের উস্কে দিয়েছেন ছবি বিক্রির প্রসঙ্গ।

তিনি লিখেছেন, সকলেই জানেন যে চিটফান্ড মালিকরা অবিশ্বাস্য দর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি কিনেছেন। সেই ছবি দেখিয়েই মানি লন্ডারিংয়ের পথে তারা হাঁটে বলেও অভিযোগ শুভেন্দুর। এই প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি উপকৃত ও অপরাধের সঙ্গে যুক্ত বলে দাবি শুভেন্দুর।
যদিও এই তথ্য সামনে আসার পরও সিবিআই কোনও পদক্ষেপ করেনি। যার ফলে বহু গরিব মানুষ, যাঁরা এই দুর্নীতিতে জীবনের সঞ্চয়টুকু হারিয়েছেন তাঁদের ন্যায়বিচার পাওয়ার আশা পূরণ হচ্ছে না বলে জানিয়েছেন শুভেন্দু। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার পেয়েছিল সিবিআই। অবিলম্বে সিবিআইয়ের তদন্ত সঠিক ট্র্যাকে আসুক, এমন দাবিই জানিয়েছেন শুভেন্দু।
As I had earlier announced, today I have sent an email to the CBI Director; alongwith the soft copy of vital information/data regarding the Saradha Scam, which can be treated as evidence and help in the ongoing investigation.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 20, 2023
I hope & believe that it would certainly help the… pic.twitter.com/AZcxIjouUT
রাজ্যের বিরোধী দলনেতা চিঠিতে লিখেছেন, এই চিটফান্ড দুর্নীতির আসল কিংপিন মমতা বন্দ্যোপাধ্যায়। এক দশক ধরে বাংলার মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন, চাইছেন আসল অপরাধী ধরা পড়ুক। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে অবিলম্বে জেরা করার দাবি জানিয়েছেন শুভেন্দু। তাতে অনির্দিষ্টকাল ধরে তদন্ত না চালিয়ে দ্রুত নিষ্পত্তি হবে বলে উপলব্ধি তাঁর।












Click it and Unblock the Notifications