পুলিশের গাফিলতিতে শুভেন্দু নবান্নে ঢুকতে পেরেছেন? কী রিপোর্ট গেল স্বরাষ্ট্রসচিবের কাছে?
বুধবার নবান্নে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পুলিশের অনুমতি ছিল না। বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে তিনি মুখ্যসচিবের ঘরের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ভিজিটরস রুমে তাঁরা অপেক্ষা করেছেন। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে ছড়িয়েছিল গুঞ্জন।
রাজ্যের মুখ্যসচিব শুভেন্দু অধিকারীদের সঙ্গে দেখা করেছেন। বেশ কিছুক্ষণ কথা হয়। শুভেন্দু অধিকারীরা আধঘন্টা ছিলেন নবান্নে। গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে তরজা। নবান্নের নিরাপত্তা ব্যবস্থা ঠিক কতটা আঁটোসাঁটো রয়েছে? কেন এতটা নিরাপত্তা ব্যবস্থার ফাঁক দেখতে পাওয়া গেল? তাই নিয়ে উঠেছে প্রশ্ন।

শুভেন্দু অধিকারীর গাড়ি নবান্নে পৌঁছে গেল। কিন্তু সেই গাড়ি কেউ আটকায়নি৷ কার্যত বিনা বাধাতে রাজ্যের বিরোধী দলনেতা নবান্নে বুধবার পৌঁছেছিলেন। এই বিষয় নিয়ে শুরু হয়েছে চর্চা। গতকালের ঘটনায় পুলিশের রিপোর্ট স্বরাষ্ট্রসচিবের কাছে পৌঁছেছে। নিরাপত্তার ব্যবস্থা কতটা ছিল? তাই নিয়েও রিপোর্টে লেখা হয়েছে।
সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের গেটে এন্ট্রি না হলে সেই গাড়ি ভিতরে আসতে পারবে না। উপর থেকে অনুমতি হলে তবেই সেই গাড়ির এন্ট্রি হবে। কয়েকজন পুলিশ কর্মীর গাফিলতি বিষয়ে রিপোর্টে উল্লেখ রয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ছিলেন না। সেজন্যই কি নবান্নে ঢিলেঢালা নিরাপত্তা ছিল? প্রশ্ন উঠেছে।
আজ বৃহস্পতিবার থেকে নবান্নে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নবান্নকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে আছেন আজ। মুখ্যমন্ত্রীর যাতায়াতের প্রবেশদ্বারে কলকাতা পুলিশের একাধিক সার্জেন্ট রয়েছেন এদিন।অন্যান্য গেটে নজরদারি বাড়ানো হয়েছে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্নের ভিতরে ঢুকে গিয়েছেন। এই কথা বুধবার জানার পরেউ নবান্নের সামনের পুলিশ কর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছিল৷ প্রচুর সংখ্যায় মহিলা ও পুরুষ কর্মীদের নবান্নের গেটে চলে আসতে দেখা গিয়েছিল।












Click it and Unblock the Notifications