পুলিশের সহায়তায় নন্দীগ্রামে বিজেপি নেতাদের প্রলুব্ধ করছে আইপ্যাক, চলছে প্রতিহিংসাও, বড় দাবি শুভেন্দুর
বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা এবং হয়রানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন নিদর্শন তৈরি করছে। আজ নন্দীগ্রাম হরিপুর বিজেপি পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু এই সাংবাদিক বৈঠক থেকে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তিনি বলেন, আইপ্যাক নন্দীগ্রামের বিজেপি কর্মীদের কাছে গিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করছে। প্রস্তাবে সাড়া না দিলে প্রতিহিংসামূলক পদক্ষেপ করা হচ্ছে।

শুভেন্দুর কথায়, নন্দীগ্রাম ২ ব্লকের বিজেপি নেতা দিলীপ পালকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য I-PAC-এর পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। তিনি যোগ দিতে অস্বীকার করলে তাঁর ছেলে দীপাঞ্জন পাল, যিনি আমদাবাদ-১ এলাকায় ভিলেজ পুলিশের কাজ করতেন, তাঁর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নন্দীগ্রাম ২ এর রেয়াপাড়া পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ইনচার্জের কাছ থেকে আসা একটি হোয়াটসঅ্যাপ বার্তা মারফত চাকরি বন্ধ করার কথা জানানো হয় দীপাঞ্জনকে।
শুভেন্দু আরও বলেন, নন্দীগ্রামের অন্যান্য বিজেপি নেতা এবং দিলীপ পালের সঙ্গে কথা বলেছি। দিলীপ পাল বলেছেন যে, আইপ্যাক তাঁকে তৃণমূলে যোগ দিতে বলেছিল। কিন্তু তিনি অস্বীকার করেন সেই প্রস্তাব। পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যদীপ ভট্টাচার্যের সঙ্গে মিলেমিশে তাঁর ছেলেকে ভিলেজ পুলিশের কাজ থেকে সরিয়ে দিয়েছে। এই ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা মাত্র ৯ থেকে ১০ হাজার টাকা পান, তাও তাদের চাকরি অস্থায়ী এবং নবীকরণের উপর নির্ভরশীল।
দীপাঞ্জন পাল ইতিমধ্যেই এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এবং আগামী সপ্তাহেই শুনানি হবে। শুভেন্দু বলেন, নন্দীগ্রামে ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন, এই ঘটনাতেও তাঁরা পরাজিত হবেন।
শুভেন্দু অধিকারী আরও বলেন, 'দীপাঞ্জন পাল তাঁর চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত, তাঁর সমস্ত খরচ আমি দেখব। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন হিন্দুবিরোধী। পূর্ব মেদিনীপুর থেকে I-PAC ও স্থানীয় তৃণমূল নেতাদের সুপারিশে ১৭ জন সিভিক ভলান্টিয়ারকে বদলি করা হয়েছে। এর মধ্যে ৯ জন নন্দীগ্রামের এবং সকলেই হিন্দু। শুধু হিন্দু হওয়ার কারণেই দেবব্রত মাইতি ও রথীবালা আড়িকে খুন করা হয়েছিল। তিনি বলেন, 'আজই সতর্ক করছি-যদি এই ৯ জন সিভিক ভলান্টিয়ারকে নন্দীগ্রাম থানায় পুনর্বহাল না করা হয়, তাহলে বিজেপির পতাকা নয়, হিন্দু পতাকা নিয়ে এসপি অফিস ঘেরাও করা হবে।'
শুভেন্দু বলেন, অতীতে সমবায় নির্বাচনের সময়ও এসপি সৌম্যদীপ ভট্টাচার্যকে কলকাতা হাইকোর্ট শিক্ষা দিয়েছিল। আদালত মন্তব্য করেছিল যে, আইপিএস কোডের ৬ নং ধারা লঙ্ঘন করেছেন তিনি। কারণ, তিনি পক্ষপাতদুষ্ট আচরণ করেছিলেন। যখন বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন দেড় বছরের মধ্যে পূর্ব মেদিনীপুরের ৭ জন IPS বদলি হয়েছিল। শুভেন্দু বলেন, প্রয়োজনে বিষয়টি দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। দীপাঞ্জন পালের উপর আঘাত মানে আমার উপর আঘাত।












Click it and Unblock the Notifications