Suvendu Adhikari: নন্দীগ্রামে দাঁড়ানোর ইচ্ছা আছে পিসিমণি? মমতাকে যে কোনও আসনে হারাতে মাস্টারপ্ল্যান শুভেন্দুর
Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম কিংবা তাঁর পছন্দের যে কোনও আসনে হারানোর ক্ষমতা রাখেন। কাঁথি থেকে হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
নির্বাচনের মাধ্যমে এই সরকারকে উৎখাত করলেই আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবার ন্যায়বিচার পাবে, মন্তব্য শুভেন্দুর।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ কাঁথিতে বিশাল মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু। পরে প্রতিবাদ সভা থেকে মমতাকে কটাক্ষ করে বলেন, আকাশরানি এসে বলেছিলেন পূর্ব মেদিনীপুরকে অধিকারী-মুক্ত করতে। মানুষ পিসি-ভাইপোমুক্ত পূর্ব মেদিনীপুর সুনিশ্চিত করেছেন। এরা চলছে পুলিশের ভরসায়। সাবধান করে বলি, বাংলাদেশের অবস্থা জানেন তো? হারুন বলে অত্যাচারী পুলিশ অফিসার এখন কোথায় কেউ জানে না। অত্যাচারীরা শেষ কথা বলে না।
শুভেন্দু বলেন, আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রতি পদক্ষেপে মিথ্যা বলেন। ১৪ অগাস্ট নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা বলেও পরে ঠেলায় পরে নবান্নে বলেন, উনি সেই প্রস্তাব দেননি! নির্যাতিতার পরিবার বলে দিয়েছে, আপনার টাকা আপনার থাক, আমার মেয়ে বিচার পাক।
শুভেন্দুর কথায়, উনি ৫০০, ১০০০ টাকা, পুজোর টাকা, ইমাম-মোয়াজ্জেনদের টাকা দিয়ে কিনতে চান। কিন্তু মা, বোন, মেয়েদের সম্ভ্রম, ইজ্জত, নারীত্ব, মাতৃত্ব কেনা যায় না। আমরা ১৪০টা বিধানসভা আসনে ৪০ শতাংশ ভোট পেয়েছি। আর ২-৩ শতাংশ ভোট দরকার। হিন্দুদের ভোটেই সেটা সম্ভব।
রাজ্যের বিরোধী দলনেতা বলেন, সংখ্যালঘুরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিলেও ভোট দেবে তৃণমূলকে। কিছুতেই বিজেপিকে দেবে না। তাই প্রতি বুথে ১০ শতাংশ হিন্দু ভোট বাড়াতে হবে। ২০২৬ সালে যদি এই সরকারকে না সরানো যায় তাহলে দ্য গ্রেট কলকাতা কিলিংয়ের মতো ২০৩১-এর মধ্যে হিন্দু নিধন হতে পারে। সেটা হতে দেওয়া যাবে না।
শুভেন্দুর কথায়, মুখ্যমন্ত্রীর নৈতিক দায় নিয়ে সরা উচিত। উনি বলেন, ভোটে জিতে এসেছেন। বিজেপি নাকি পিছনের দরজা দিয়ে ক্ষমতার দখল নিতে চায়। আমরা তা চাই না। নির্বাচনে হারিয়েই রাজ্যে পরিবর্তন আনব। পিসিমণির কি নন্দীগ্রামে দাঁড়ানোর ইচ্ছা আছে? আপনি যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে হারানোর ক্ষমতা রাখি।
২০২১ সালে শুভেন্দু নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে জিতেছিলেন ১৯৫৬ ভোটে। সে কথা উল্লেখ করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, আমি ৬৫ শতাংশ হিন্দু ভোট পাই। এবার আমার কথায় ৭০ শতাংশ হিন্দু ভোট পেয়ে নন্দীগ্রাম বিধানসভা ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেতেন ৮২০০ ভোটে। ছাব্বিশে ৮৫ শতাংশ হিন্দু ভোট নিশ্চিত করে নন্দীগ্রামে বিজেপির লিড ২০ হাজারে নিয়ে যাব।
২৫ সেপ্টেম্বর কালীঘাট চলো সফলের আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, ছাত্রসমাজের ডাকে নবান্ন চলো অভিযান হয়েছিল। আমরা বাস দিতে পারিনি। অভিভাবকরা গিয়েও নবান্ন নড়িয়ে দিয়েছিলেন। আমরা কারও বাড়ি যাই না। তবে কালীঘাটে মুখ্যমন্ত্রীর অফিস হয়েছে। সেটা কেমন দেখতে যাব। হাজরায় সমাবেশ হবে। ওঁকে তাড়াতেই হবে।
রাজ্যের বন্যা পরিস্থিতির জন্যও মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন শুভেন্দু। বলেন, গতকাল ও আজ অনেক জায়গায় বাঁধ ভেঙেছে। রাজ্যে কাজ নেই, শিল্প নেই, সেচও নেই। উনি বেরিয়ে পড়েছেন। বলছেন, ডিভিসির জন্য নাকি বন্যা হয়েছে। কোথাও জল বাঁধের উপর দিয়ে যায়নি। তবু বাঁধ ভেঙেছে। উনি বন্যা পরিস্থিতি দেখতে বেরিয়েছেন ছবি তোলার জন্য, তু খিচ মেরি ফটো।












Click it and Unblock the Notifications