Suvendu Adhikari: দিঘার পাল্টা পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিলি করবেন, ঘোষণা শুভেন্দুর
এবছরের রথযাত্রায় রাজনৈতিক তরজা তুঙ্গে। একদিকে দিঘার জগন্নাথ ধামের প্রসাদের পাল্টা পুরীর মহাপ্রসাদ বিতরণের ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, রথযাত্রাকে কেন্দ্র করে দিঘা থেকে কলকাতা পর্যন্ত তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যানার-পোস্টার যুদ্ধ শুরু হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুকের গৌরাঙ্গ মন্দির থেকে পুরীর মহাপ্রসাদ বিতরণের ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এই মহাপ্রসাদ পাঁচ দিন ধরে বিতরণ করা হবে। শুভেন্দু অধিকারীর কথায়, শুক্রবার বিকেল ৩টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে। গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক থেকেই বিতরণ শুরু হবে। ৫ দিন ধরে পুরীর মহাপ্রসাদ বিতরণ হবে।

রথযাত্রায় নিজের কর্মসূচি ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী জানান, বেলা ১২টার সময় কলকাতা। বিকেল ৪টের সময় ইসকন মেচেদার রথযাত্রা, এক লক্ষ লোক নিয়ে হবে। আমার, মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে। মালদার মথুরাপুর, মানিকচকেরও ডাক আছে। দুনিয়ার ডাক আছে।"
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, তৃণমূলের নেতা-মন্ত্রীরা রাজ্যজুড়ে বাড়ি বাড়ি দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়ার কাজ আগেই শুরু করে দিয়েছেন।
দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রার তদারকির জন্য বুধবার মুখ্যমন্ত্রী নিজে পৌঁছে গিয়েছেন। তাঁর আগে কাঁথির রাস্তায় জনসংযোগ সারেন তিনি। দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর এই প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। তাই মুখ্যমন্ত্রী নিজে সবকিছু তদারকি করছেন। অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু-সহ পাঁচজন মন্ত্রীকে রথযাত্রার বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
পুরীর রথযাত্রার মতোই দিঘাতেও সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে জগন্নাথ-বলরাম-শুভদ্রার রথযাত্রা শুরু হবে। মুখ্যমন্ত্রী নিজের ব্যক্তিগত তহবিল থেকে দিঘার মন্দির কর্তৃপক্ষকে সোনার ঝাড়ু দান করেছেন। শুক্রবার সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন তিনি।
২০২৫ সালের রথযাত্রা রাজ্য রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শাসক ও বিরোধী কোন পক্ষ আসন্ন ভোটে জগন্নাথদেবের কৃপা লাভ করবে তা সময়ই বলবে।












Click it and Unblock the Notifications