সাড়ে চার দশকের রেকর্ড ভাঙার অঙ্গীকার শুভেন্দুর, গেরুয়া-মঞ্চ থেকে মমতাকে চ্যালেঞ্জ
সাড়ে চার দশক আগে শেষবার এমনটা হয়েছিল। ২০২১-এ পুনর্বার সেই ধারা ফিরিয়ে আনার অঙ্গীকার করলেন শুভেন্দু অধিকারী। বিজেপির জামা গায়ে গলিয়েই তিনি তাক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
সাড়ে চার দশক আগে শেষবার এমনটা হয়েছিল। ২০২১-এ পুনর্বার সেই ধারা ফিরিয়ে আনার অঙ্গীকার করলেন শুভেন্দু অধিকারী। বিজেপির জামা গায়ে গলিয়েই তিনি তাক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং একইসঙ্গে জানিয়ে দিলেন আবার সুদিন ফিরবে বাংলায়। কেন্দ্র ও রাজ্যের একই দলের সরকার হবে।

৭২ থেকে ৭৭ সালে কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার ছিল
শেষবার ৭২ থেকে ৭৭ সালে কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার ছিল। কেন্দ্রে ইন্দিরা গান্ধীর সরকার। আর রাজ্যে সিদ্ধার্থশঙ্কর রায়ের সরকার। ৭৭ সালে বামেদের শাসন শুরু হওয়ার পর আর সেদিন আসেনি। তবে নয়ের দশকের প্রথমে জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী তখন বামেদের সমর্থনে ভিপি সিং সরকার হয়েছিল এবং বুদ্ধদেবের আমলে বামেদের সমর্থনে কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল।

কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার হবে ২০২১-এ?
শুভেন্দু বলেন, আমিও চাই কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার থাকুক। নরেন্দ্র মোদীর হাতে বাংলা তুলে দিতে হবে। কাল থেকেই আমি আপনাদের সঙ্গে নেমে পড়ব সেই কাজে। বাংলায় পরিবর্তন আনতে হবে। তবেই বাংলার মুক্তি ঘটবে। আমি যখন যে কাজ করি নিষ্ঠার সঙ্গে করি। নিষ্ঠার সঙ্গে তৃণমূল করেছি, এবার বিজেপিও করব নিষ্ঠার সঙ্গে।

মোদীর হাতে বাংলাকে তুলে দেওয়াই হবে লক্ষ্য শুভেন্দুর
শুভেন্দু ২০২১-এ তৃণমূলকে হারানোর বার্তা দেন। বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। বাংলাকে নতুন করে গড়তে হবে। তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে বাঁচাতে হবে। মোদী নতুন ভারত গড়ছেন, তাঁর হাতে বাংলাকে তুলে দেওয়াই হবে আমার লক্ষ্য। তাঁর কথায়, ৯৯-তে আমি জয়েন করেছিলাম তৃণমূলে। তারপরই এনডিএ প্রার্থীকে জিতিয়েছিলাম।

একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় হবেন বাংলায়
শুভেন্দু বলেন, আজ আমি পবিত্র মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম হতে পারবেন না একুশের নির্বাচনে। এবার নির্বাচনী যুদ্ধে প্রথম হবে ভারতীয় জনতা পার্টি। বাংলায় জিতবে বিজেপিই। আবার পরিবর্তন আসন্ন বাংলায়। এবার বাংলায় প্রকৃত পরিবর্তন আসবে। কীভাবে লড়াই করে বাংলা জয় করতে হয় দেখিয়ে দেব আমরা।












Click it and Unblock the Notifications