আক্রান্ত কর্মীদের দেখতে হাসপাতালে শুভেন্দু! তালিবান টু চলছে বাংলায়, তীব্র প্রতিক্রিয়া বিরোধী দলনেতার
আক্রান্ত কর্মীদের দেখতে হাসপাতালে শুভেন্দু! তালিবান টু চলছে বাংলায়, তীব্র প্রতিক্রিয়া বিরোধী দলনেতার
বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সরকারকে তালিবান (taliban) টু বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। রবিবার পাঁশকুড়ায় বিজেপি কাউন্সিলরের বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর কনভয়ের কাছে গিয়ে গো-ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি ফিরে যেতেই সেখানকার বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের (trinamool congress) বিরুদ্ধে। যা নিয়ে প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি আহতদের দেখতে গিয়েছিলেন তমলুক জেলা হাসপাতালে।

পুলিশ দলদাসে পরিণত হয়েছে
সোশ্যাল মিডিয়ায় পাশকুড়ার ছবি শেয়ার করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত বিজেপি কাউন্সিলর সুকুমার ভুইঞার বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে আশ্বস্ত করে তিনি বলেছেন, বিজেপি ওই নেতা ও তাঁর পরিবারের পাশে রয়েছে। সঙ্গে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার রাজধর্ম পালনে ব্যর্থ, পুলিশ দলদাসে পরিণত হয়েছে।

শুভেন্দু অধিকারীকে ঘিরে গোব্যাক স্লোগান
স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুভেন্দু অধিকারী ওই নেতার বাড়ি থেকে গাড়িতে উঠে যাত্রা শুরু করার পরেই তাঁকে ঘিরে গোব্যাক স্লোগান দেওয়া হয়। যা নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এসবই তৃণমূল করেছে বলে অভিযোগ বিজেপির।

বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগ
শুভেন্দু অধিকারী এলাকা ছাড়তেই দলের কর্মীদের ওপরে হামলা করা হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ ওই ঘটনায় তাদের অন্তত ১০ জন কর্মী জখন হয়েছে। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা কনিষ্ক পণ্ডা বলেছেন, শুভেন্দু অধিকারীর ওপরে হামলার চেষ্টা করা হয়েছিল। তা না করতে পেরে বিজেপি কর্মীদের ওপরে হামলা চালানো হয়। বিজেপি কর্মীদের ওপরে হামলা করা ছাড়াও, তাদের বাইকও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। রবিবারের হামলায় আহত হওয়া বিশ্বরূপ মাইতি এবং শ্রীমন্ত মান্নাকে দেখতে তমলুক জেলা হাসপাতালে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

তালিবান টু চলছে বাংলায়
এই হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলায় তালিবান টু চলছে। পরিস্থিতি সম্পর্কে তিনি বলেছেন, একজন কাউন্সিলরের ওপরে হামলা করা হল, তাঁর মাথা ফাটল। সেখানে পুলিশ গেল ৩৬ ঘন্টা পরে। যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিপজ্জনক বলেই দাবি করেছেন তিনি। বিরোধী দলনেতা বলেন, তালিবান টু চলছে বাংলায়।
যদিও শুভেন্দু অধিকারীর তালিবান শব্দের সঙ্গে বাংলার পরিস্থিতি সম্পর্কে একমত নয় বাম-কংগ্রেস। বাম নেকা সুজন চক্রবর্তী বলেছেন, তালিবান শাসন সম্পর্কে কোনও ধারনা না থাকাতেই এই ধরনের কথা । এর সঙ্গে বাস্তবতার কোনও মিল নেই। এই ধরনের কথা বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, তালিবান শব্দটা সম্পূর্ণ আলাদা।












Click it and Unblock the Notifications