Suvendu Adhikari: চুরি করেছেন মমতা! ফের কোন বড় কেলেঙ্কারি নিয়ে সরব শুভেন্দু?
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন চলো কর্মসূচিকে ঘিরে গতকাল দিনভর অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল কলকাতা ও হাওড়ায়। আজ একদিকে বাংলা বনধ, অন্যদিকে দুটি ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস।
মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানাতেই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিশানা করলেন মুখ্যমন্ত্রীকেই।

শুভেন্দু ফেসবুকে লিখেছেন, মাননীয়া আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নয়, অনুকরণ দিবস! অন্যান্য বিষয়ের মতো আজকের দিনটাও আপনি নিজের স্বভাবসিদ্ধ অভ্যাস মতো 'চুরি' করেছেন, যাতে মূল প্রতিষ্ঠাতাগণ যেমন প্রিয়দা (প্রিয়রঞ্জন দাশমুন্সি) ও সুব্রতদাদের (সুব্রত মুখোপাধ্যায়) কৃতিত্ব কেড়ে নেওয়া যায়।"
শুভেন্দুর কথায়, ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের শুধু সামাজিক ভূমিকাই নয় রাষ্ট্র গঠনেও বিশাল ভূমিকা রয়েছে এটা ভালোই বোঝেন মমতা বন্দ্যোাপাধ্যায়। তাই ইচ্ছে করে বিগত ৯ বছর ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করে রেখেছেন যাতে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রী নেতা-নেত্রীরা তাঁর 'অপদার্থ ও দুর্নীতিগ্রস্ত সরকারে'র বিরুদ্ধে সোচ্চার হয়ে রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীর গদি না টলিয়ে দেয়।
ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে মুখ্যমন্ত্রী কতটা চিন্তিত তা বর্তমান সরকারের আমলে শিক্ষা দফতরের দুর্নীতি, চাকরি বিক্রি, ভুল প্রশ্নপত্র, পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া, পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রীর দ্বারা কোটি কোটি টাকা লুঠ করানো, ন্যায্য চাকরিপ্রার্থীদের বছরের পর বছর পথে বসতে বাধ্য করা ইত্যাদি ঘটনার মধ্যে দিয়ে বোঝা যায় বলে উল্লেখ করেছেন শুভেন্দু।
গতকালই রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন, বাংলা বনধ সফল করতে গিয়ে তৃণমূলের প্ররোচনায় পা না দিতে। কলকাতার মেয়ো রোডে আজ টিএমসিপির সমাবেশে এক মঞ্চে দেখা যাবে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই সমাবেশে যোগ দিতে আসা কোনও গাড়িকে না আটকানোর পরামর্শ দিয়েছেন শুভেন্দু। তিনি বলেছেন, তৃণমূলই গোলমাল পাকানোর চেষ্টা করতে পারে আজ।












Click it and Unblock the Notifications