Nabanna Chalo: হাওড়া স্টেশন থেকে নিখোঁজ চার ছাত্র, নবান্ন চলো অভিযানের আগে বিস্ফোরক দাবি শুভেন্দুর
Nabanna Chalo: আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন চলো অভিযান। বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা করেই বিভিন্ন জেলা থেকে শহরে আসতে শুরু করেছেন ছাত্ররা।
কলকাতা ও হাওড়া এখন নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে। পুলিশ এই কর্মসূচিকে বেআইনি আখ্যা দিয়েছে। পুলিশের দাবি, এই কর্মসূচির জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি।

ইতিমধ্যেই নবান্ন চলো অভিযানকে কেন্দ্র করে গণ্ডগোল পাকানোর ষড়যন্ত্রের অভিযোগে পুলিশি ধরপাকড় শুরু হয়েছে। বিজেপি বা আরএসএস সদস্যদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও তৃণমূল একই সুরে দাবি করছে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলে কোনও সংগঠন নেই। এটা মূলত রাজনৈতিক কর্মসূচি।
আরজি কর কাণ্ডের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে ছাত্রদের নবান্ন অভিযানের আগে আজ সকালে ছাত্রদের শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু লিখেছেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বিজয়ী ভব। এরপরই তিনি দিয়ৈছেন চাঞ্চল্যকর তথ্য।
শুভেন্দু এক্স হ্যান্ডলে দাবি করেছেন, স্বেচ্ছাসেবকদের হাওড়া স্টেশনে খাবার দিতে যাওয়া চার ছাত্রের সন্ধান মিলছে না। তাঁদের নাম- শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতন সেনাপতি ও প্রীতম সরকার। তাঁদের সন্ধান পাওয়া যাচ্ছেন। ফোনের মাধ্যমেও যোগাযোগ করা যাচ্ছে না।
শুভেন্দুর আশঙ্কা, এই চারজনকে পুলিশ গ্রেফতার বা আটক করে রাখতে পারে। একইসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার হুঙ্কার, যদি তাঁদের সঙ্গে কিছু হয় তার পুরো দায়ভার নিতে হবে 'মমতা পুলিশ'-কে।
ভয় পেয়েছে মমতা হ্যাশট্যাগে এক্স হ্যান্ডলে শুভেন্দু আরও লিখেছেন, মমতা পুলিশ আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে বিভ্রান্তিমূলক ভুয়ো তথ্য ছড়াচ্ছে। ইতিমধ্যেই পুলিশ তদন্তের কাজ কঠিন করে দিয়ে যাবতীয় সাক্ষ্যপ্রমাণ লোপাট করেছে। এখনও যাঁরা ন্যায়বিচার দেওয়ার লক্ষ্যে অবিচল, তাঁদের মনোবলে আঘাত দিতে চাইছে পুলিশ।
শুভেন্দুর টুইটের পাল্টা তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লেখেন, "সকালবেলা উত্তেজনা ছড়াতে এই পোস্ট। এরা কারা? সত্যিই নিখোঁজ? এধরণের কোনো অন্তর্ঘাতমূলক কাজ ওদের নিজেদের করা নয় তো? গতকালই আমরা বলেছিলাম।'ছাত্র সমাজে'র নামে কর্মসূচির টাকা আসছে কোথা থেকে? উস্কানি দিয়ে গোলমাল করাতে এই ধরণের রটনা (বা ঘটনা তৈরি) কিনা, তদন্ত দরকার।"
এদিকে, মধ্যরাতের পর হাওড়া স্টেশন থেকে নিখোঁজ ছাত্রদের পরিবার আদালতের দ্বারস্থ হলো। কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করল ছাত্রদের পরিবার। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি ভরদ্বাজ। আগামীকাল শুনানি।












Click it and Unblock the Notifications