মমতার সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা অপব্যবহারের অভিযোগ শুভেন্দুর, তদন্তে কেন্দ্র
পঞ্চায়েত নির্বাচনের আগে আজ দলীয় নেতৃত্বকে রূপরেখা ঠিক করে দিতে পারেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই রাজ্যের বিরোধী দলনেতা চাঞ্চল্যকর অভিযোগ আনলেন। মিড ডে মিল ও ১০০ দিনের কাজ বা মনরেগা প্রকল্পের টাকা অন্য খাতে ব্যয় করে অপব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগ। যা খতিয়ে দেখছে কেন্দ্র। তদন্ত হচ্ছে, স্পেশ্যাল অডিটও।

মনরেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ
শুভেন্দু অধিকারীর অভিযোগ, মুর্শিদাবাদ জেলার বেলডাঙা ২ নম্বর ব্লকে কেন্দ্রীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প বা মনরেগার বরাদ্দ টাকা খরচের ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে। ফান্ডের অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের নিয়মিত নজরদারিতে এই ধরনের দুর্নীতি রোধ করা যাবে বলেও আশাবাদী রাজ্যের বিরোধী দলনেতা।
|
মিড ডে মিল নিয়ে স্পেশ্যাল অডিট
মিড ডে মিল বা পিএম পোষণ প্রকল্পে কেন্দ্রীয় সরকার বাংলার ৫ জেলায় আর্থিক গরমিলের অভিযোগ পেয়েছে। অডিট ও অ্যাকাউন্টস বিভাগের মাধ্যমে স্পেশ্যাল অডিটের সিদ্ধান্তও নিয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ প্রথমে উত্তর ২৪ পরগনায় যাবে স্পেশ্যাল অডিট টিম। সেই দলে থাকছেন সিনিয়র অডিট অফিসার, তিনজন সহকারী অডিট অফিসার, একজন সহকারী সুপারভাইজার ও একজন সিনিয়র অডিটর।
|
চাঞ্চল্যকর তথ্য শুভেন্দুর
উত্তর ২৪ পরগনার পাশাপাশি আরও চারটি জেলার জেলা ও ব্লকস্তরের দফতর ও স্কুলগুলিতেও যাবেন স্পেশ্যাল অডিট টিমের সদস্যরা। শুভেন্দু অধিকারীর পরামর্শ, আগাম না জানিয়ে হঠাৎ করে কোনও স্কুলে আচমকরা পরিদর্শনে যাক এই অডিট টিম। মিড ডে মিল প্রকল্পের কয়েক লক্ষ টাকায় গত নভেম্বরে হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী কম্বল বিতরণ করেন বলে অভিযোগ শুভেন্দুর। বক্তব্যের সপক্ষে প্রমাণ পেশ করে এই অভিযোগের তদন্তেরও আর্জি জানান তিনি।
|
পাঁচ জেলায় তদন্ত
রাজ্য সরকারকে দেউলিয়া বলে উল্লেখ করে শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, রাজ্যের আপদকালীন ও মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে কোনও টাকা নেই। সে কারণেই মিড ডে মিলের টাকা অন্যত্র ব্যবহার করা হচ্ছে। বগটুইয়ে নিহতদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আর্থিক সহায়তা প্রদান করেছিলেন তাও এই মিড ডে মিল প্রকল্পের টাকা থেকেই, অভিযোগ শুভেন্দুর। তাঁর কথায়, এভাবে টাকা অন্যত্র ব্যবহার করা অভ্যাসে পরিণত করেছে রাজ্য সরকার। তদন্ত হলেই তা প্রমাণিত হবে। এখন দেখার, রাজ্যের বিরোধী দলনেতার এই অভিযোগগুলির প্রেক্ষিতে কেন্দ্রীয় টিম কী পদক্ষেপ করে।












Click it and Unblock the Notifications