আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ! টিটাগড়ে এনআইএ চেয়ে অমিত শাহকে চিঠি শুভেন্দুর
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ! টিটাগড়ে এনআইএ চেয়ে অমিত শাহকে চিঠি শুভেন্দুর
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অমিত শাহকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন আগেই টিটাগড়ের একটি স্কুলে প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল গোটা স্কুল বাড়ি কেঁপে ওঠে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এমনকি ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, রাজ্যে বোমা গুলির শিল্প চলছে বলেও মন্তব্য করেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানো উচিৎ বলেও দাবি করেছিলেন তিনি।

এনআইএ চেয়ে চিঠি বিরোধী দলনেতার
ঘটনার দিনেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দেবেন। সেই মতো আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেলন বিরোধী দলনেতা। টিটাগড়ের ঘটনার বিস্তারিত জানিয়ে এই চিঠি দেওয়া হয়েছে। যেখানে ঘটনার তদন্ত এনআইএ'কে দিয়ে করানোর কথাও মন্ত্রককে জানিয়েছেন বলে জানা যাচ্ছে। একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও অমিত শাহের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন নন্দীগ্রামের এই বিধায়ক। শুধু তাই নয়, এই ঘটনার পিছনে বড় কোনও উদ্দেশ্য থাকতে পারে বলে মত তাঁর। শুভেন্দুর দাবি, পুরো উত্তর ২৪ পরগনা জেলাই আইনশৃঙ্খলার সমস্যায় ভুক্তভোগী। পুরো বিষয়টি পুলিশ হালকা ভাবে নিচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।

একাধিক বিষয়কে চিঠি লিখেছেন শুভেন্দু
আগেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দেওয়া হয়েছিল। মুর্শিদাবাদ, মালদা, গোসাবা নিয়ে চিঠি লিখেছিলেন বলে জানিয়েছিলেন বিরোধী দলনেতা। এমনকি সেগুলি গৃহীত হয়েছে বলেও জানিয়েছিলেন। আজ সোমবারই টিটাগড় এবং শিতলকুচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন বলে আগেই জানিয়েছিলেন শুভেন্দু। সেই মতো আজ এই চিঠি মন্ত্রককে বিরোধী দলনেতা পাঠিয়েছেন বলেও খবর। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পুলিশ ঘটনার তদন্ত করছে
তবে বিষয়টি নিয়ে মাথা গলাতে নারাজ শাসকদল তৃণমূল। তাঁদের দাবি, পুলিশ ঘটনার তদন্ত করছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। ফলে এই সব করে লাভ নেই বলেই দাবি তৃণমূলের। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া চার যুবকের নাম মহম্মদ আয়রন, শেখ বাবলু, মহম্মদ সাদিক এবং রোহন। তাদের মধ্যে একজন আবার স্কুলেরই প্রাক্তন ছাত্র। তারা সকলেই স্থানীয় বাসিন্দা। পুলিশি জেরার মুখে প্রাথমিক ভাবে তারা জানিয়েছে খেলার ছলে তারা বোমা মেরেছিল স্কুলে। কিন্তু অভিযুক্তদের এই দাবি মেেন িনতে রাজি নয় পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, এর পিছনে ত্রিকোন প্রেমের কোনও সম্পর্ক রয়েছে। আর সেটাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ঘটনার কয়েকদিন পর ঘটনাস্থলে ফরেন্সিক টিম যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications