SIR যেন সাপের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়া, তৃণমূলকে কটাক্ষ করে মন্তব্য শুভেন্দুর
নির্বাচন কমিশন যে এসআইআর চালু করেছে তা যেন সাপের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়া। তাই সাপ বেরিয়ে আসছে। নন্দীগ্রামে দাঁড়িয়ে এভাবেই আজ তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) প্রক্রিয়া চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে গিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, তিনি হুমকি দিয়েছেন বিএলওদের।

শুভেন্দুর দাবি, তৃণমূল কংগ্রেসের (TMC) সাহায্যে বহু বছর ধরে রাজ্যে বসবাসকারী অনুপ্রবেশকারীদের এবার চিহ্নিত করে বিতাড়িত করা হবে। শুভেন্দুর কথায়, "সাপ তাড়াতে গর্তে কার্বলিক অ্যাসিড ঢালা হয়েছে যাতে তাদের ধরা এবং বিতাড়িত করা যায়। নির্বাচন কমিশন এসআইআর-এর মাধ্যমে সঠিক ওষুধ প্রয়োগ করেছে।" উল্লেখ্য, কার্বলিক অ্যাসিড, যা ফেনল নামেও পরিচিত, এর তীব্র গন্ধ। সে কারণে ঐতিহ্যগতভাবে সাপ তাড়ানোর জন্য এটি ব্যবহৃত হয়।
শুভেন্দু বলেন, "দেখুন, কীভাবে বিএসএফ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাদের দেশে পালিয়ে যাওয়ার সময় ধরছে। নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া ঘোষণার পরই এই সমস্ত ঘটনা ঘটছে। শুধুমাত্র বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা চিহ্নিত হওয়ার পর বিতাড়িত হবে। ভারতীয় মুসলিমদের চিন্তা নেই। আর বাংলাদেশ থেকে হিন্দুরা সিএএ ক্যাম্পে যান। যদি কারও নাম বাদ পড়ে, আমরা আছি।" বিজেপির হয়ে তিনি নির্বাচন কমিশনে যাবেন বলেও জানান শুভেন্দু।
রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেন, বিহারে এসআইআর সফল হয়েছে কারণ সেখানে রাজ্য সরকার সহযোগিতা করেছিল। এখানে রাজ্য সরকার তা করবে না। তবে ৫০ শতাংশ হলেই কাজ হয়ে যাবে। বিএলওরা নির্বাচন কমিশনের কথা শুনে চলুন। যদি বিজেপিরও কেউ বিএলও থাকেন, তাহলে সরে যান। বিহারে কিন্তু নিয়ম লঙ্ঘন করায় অনেক এফআইআর হয়েছে, জেলেও রয়েছেন অনেক বিএলও।
শুভেন্দু হাইকোর্টের অনুমতি মেনেই কাল কাকদ্বীপে ৬ হাজার লোক নিয়ে মিছিল ও সভা করবেন। বিকেল পাঁচটার মধ্যে তা শেষ হবে। মঙ্গলবার আগরপাড়ায় মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। কাল কলকাতা হাইকোর্টে যাবেন ওই জেলার বিজেপি সভাপতি। বুধবার বর্ধমানের কর্মসূচি নিয়ে বাধা এলেও আদালতের দ্বারস্থ হবেন শুভেন্দু। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষপাতদুষ্ট পুলিশ আমাদের সমাবেশের অনুমতি দেয়নি। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য বিচার বিভাগের দ্বারস্থ হব।" পানিহাটিতে একটি আত্মহত্যার ঘটনার সঙ্গে মিথ্যাভাবে তৃণমূল এসআইআর, এনআরসি জড়াচ্ছে, তার প্রতিবাদে জনগণকে আশ্বস্ত করতেই কর্মসূচি শুভেন্দুর।
গুজরাতে মৃত পরিযায়ী শ্রমিক প্রণব দিন্দা ও চন্দন দাসের নন্দীগ্রামের কালীচরণপুরের বাড়িতে যান শুভেন্দু। মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে পাশে থাকার আশ্বাস দেন তিনি। যে ঠিকাদার সংস্থা ওই শ্রমিকদের নিয়ে গিয়েছিল তাদের সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানিয়েছেন শুভেন্দু।












Click it and Unblock the Notifications