Suvendu Adhikari: রাজ্যপালকে দিয়ে মিথ্যে বলাল রাজ্য সরকার! দাবি শুভেন্দুর, কোথায় আপত্তি বিজেপির?
Suvendu Adhikari: বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণে একাধিক আপত্তি বিজেপির (BJP)। সোমবার ১১ পাতার রিপোর্ট পাঠ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তাতে মুখ্যমন্ত্রী মমতার প্রশংসা থেকে রাজ্যের আইনশৃঙ্খলার প্রশংসাও করেন তিনি। আর তারই বিরোধিতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলদের।
বোসের মুখে বাংলায় শান্তিপূর্ণ উৎসবের উল্লেখ। দুর্গাপুজো-সহ উৎসবের সময়গুলিতে রাজ্যের আইনশৃঙ্খলা ভালো ছিল বলে রিপোর্টে পাঠ করেন রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে পাল্টা প্রশ্ন বিজেপির। যোগেশচন্দ্র কলেজের কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কলেজে পুলিশ দিয়ে সরস্বতী পুজো কেন, সেই প্রশ্ন বিরোধী দলনেতার।

শুভেন্দু বলেন, "আইনশৃঙ্খলা ঠিক থাকলে কীভাবে খুন-ধর্ষণের ঘটনা? আরজি করের ঘটনার উল্লেখই নেই। নারী সুরক্ষা নিয়ে রাজ্যপালের ভাষণে একটিও শব্দ নেই। ইদ, দুর্গাপুজো, কালীপুজো নাকি ভালো হয়েছে। হাওড়ার শ্যামপুরে দুর্গা মূর্তি ভাঙা হয়েছে, রাজাবাজারে কালী মূর্তি ভাঙা হয়েছে, বেলডাঙায় কার্তিক পুজোর দিন ৫০টা মন্দির ভাঙল। তাও উল্লেখ নেই।"
রাজ্যপালের ভাষণে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ রয়েছে বলেও আপত্তি তোলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় প্রকল্পের নাম কেন বদল করা হয়েছে সেই প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনার বদলে কেন বাংলা আবাস যোজনা করা হয়েছে? রাজ্যপালের মুখ দিয়ে মিথ্যে কথা বলাল রাজ্য সরকার।"
এর আগে শুভেন্দু দাবি করেন, রাজ্যপালকে রাজ্য মন্ত্রিসভা যে বক্তব্য পাঠিয়েছিল, তাতে কেন্দ্র বিরোধী একাধিক আক্রমণাত্মক বক্তব্য ছিল। তিনি বলেন, "ধন্যবাদ জানাই রাজ্যপালকে, তিনি বক্তৃতা ফিরিয়ে দিয়েছেন, বলেছেন এগুলো পড়ব না। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। রাজ্যপালের কড়া অবস্থানের জন্য সরকার সেই লাইনগুলো পরিবর্তন করতে বাধ্য হয়েছে।"
যদিও নতুন লেখাতেও রাজ্যপালের মুখ দিয়ে রাজ্য মিথ্যা বলিয়েছে বলে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী দলনেতা আরও বলেন, "অন্তঃসারশূন্য মাদ্রাসামুখী বাজেটহবে। ৬০০টি নতুন মাদ্রাসা করার কথা রয়েছে এবারের বাজেটে। মুসলিম লীগ ২ এর সরকারের বাজেটে মুসলিম তোষণ করা হয়েছে। বাজেটে বিজেপি বিধায়করা অংশগ্রহণ করবেন, কিন্তু আমাদের বক্তৃতায় বাধা দিলে ওদেরও বলতে দেওয়া হবে না।"












Click it and Unblock the Notifications